Operation Sindoor: অপারেশন সিঁদুরে রাজনীতির রঙ! এমনই অভিযোগ তুলল কংগ্রেস তথা বিরোধীরা। ট্রেনের নতুন টিকিট ঘিরে বিরোধীদের অভিযোগ, সামরিক অভিযানকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। এমনকী বিহার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এহেন প্রচার বলেও তোপ কংগ্রেসের। আর এই অভিযোগ সামনে আসতেই জবাব দিল ভারতীয় রেল। কেন এমন বিজ্ঞাপন? তা নিয়েও দেওয়া হয়েছে ব্যাখ্যা।
বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের পরামর্শদাতা পীয়ুষ বাবিল (Piyush Babele) তাঁর সোশ্যাল মিডিয়ায় আইআরসিটিসির ই-টিকিটের ( IRCTC e-ticket) একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁর দাবি, ‘বিজ্ঞাপন হিসেবে ‘অপারেশন সিঁদুর’কে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর বীরত্বকেও পণ্যের মতো বিক্রি করা হচ্ছে’। কংগ্রেস নেতার কথায় এটা কেবল দর কষাকষি, কখনই দেশপ্রেম নয়।
শুধু কংগ্রেসই নয়, বহুজন সমাজবাদী পার্টির (Bahujan Samaj Party (BSP) সাংসদ কুণার দানিশও ওই টিকিটের একটি প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তাঁর দাবি, যুদ্ধ এবং শহিদ হওয়াকে প্রধানমন্ত্রী একটা সুযোগ হিসেবেই দেখেন। সাধারণ মানুষের রক্তের জবাব পাকিস্তানকে দিতে ভারতীয় সেনা যখন ঝুঁকি নিয়ে অভিযান চালিয়েছে তখন কেন এই পোস্টার সামনে আনা হল, সেই প্রশ্ন তুলেছেন বিএসপি নেতা। তিনি লিখেছেন, ‘কোনও শহিদের মুখের ছবি নেই, শুধুই মোদীর ছবি দেওয়া হয়েছে।’
Operation Sindoor: বিতর্কে জবাব দিয়েছে রেল
বিতর্কের জবাব দিয়েছে ভারতীয় রেল। রেল বোর্ডের এক আধিকারিক দিলীপ কুমার এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। যেখানে বলা হয়েছে, যেভাবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালিয়েছে তাতে আমরা সবাই গর্বিত। গোটা দেশ বাহিনীকে কুর্নিশ জানাচ্ছে। আর তাতে সামিল হয়েছে ভারতীয় রেলও। বিশেষ করে অপারেশন সিঁদুরের জয়গাথা ছড়িয়ে দিতেই টিকিটের উপর এহেন বার্তা। একই সঙ্গে তেরঙা পতাকায় স্টেশনগুলিকেও সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দেশ জুড়েই এই প্রচার চালানো হচ্ছে বলেও দাবি ওই আধিকারিকের।
