Spain: স্পেন জুড়ে থমকে গিয়েছে সমস্ত মোবাইল নেটওয়ার্ক। এমনকী কাজ করছে না কোনও ইন্টারনেট পরিষেবাও। মোবাইল পরিষেবা প্রদানকারী যে সমস্ত শীর্ষ সংস্থা সে দেশে আছে তাদের কারোর নেটওয়ার্ক কাজ করছে না বলে খবর। এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন গ্রাহকরা। বিশেষ করে কাউকে ফোন করা যাচ্ছে না। এমনকী এসএমএসও পাঠাতে পারছেন না গ্রাহকরা। নেট না থাকায় কাজ হচ্ছে না কোনও অ্যাপে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল?
স্পেনের (Spain) অন্যতম গুরুত্বপূর্ণ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ‘টেলিফোনিকা’ (Telefonica)। সংস্থার নেটওয়ার্ক আপগ্রেডের কাজ চলছিল। আর সেই সময় এই বিপত্তি ঘটে বলে দাবি। বিশেষ করে ‘টেলিফোনিকা’র সঙ্গে যুক্ত একাধিক সংস্থা সমস্যার মধ্যে পড়েছে। এই তালিকায় মুভিস্টার, অরেঞ্জ, ভোডাফোন সহ একাধিক বড় পরিষেবা প্রদানকারী সংস্থা আছে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, নেটওয়ার্কে বেশ কিছু বদল আনা হয়েছে। এর ফলেই বেশ সংস্থার পরিষেবায় প্রভাব পড়েছে। দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Spain: কাজ হচ্ছে না স্পেনের জরুরি নম্বরেও
মোবাইল নেটওয়ার্ক থমকে যাওয়ার কারণে কাজ করছে না স্পেনের আপদকালীন নম্বর ১১২। যদিও পরিস্থিতি সামাল দিতে বিকল্প নম্বর চালু করা হয়েছে। তবে এহেন বিভ্রাটের ফলে একাধিক অঞ্চলের মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। বিকল্প নম্বর চালু করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। বলে রাখা প্রয়োজন, সপ্তাহখানেক আগেই স্পেনজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়।
যার ফলে বন্ধ হয়ে যায় রাস্তার সমস্ত ট্র্যাফিক সিগন্যাল। বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন এবং মেট্রো। ভয়ঙ্কর এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাতিল হয় একাধিক বিমান। এমনকী স্থানীয় হাসপাতালগুলিতেই অন্ধকার নেমে আসে। শুধু স্পেন নয়, ফ্রান্স, পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আর এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই আরও এক বিপর্যয়ের মুখে স্পেন।
