শেষমেশ সত্যি হলো জল্পনা , কলকাতার ইডেন গার্ডেন্স নয়, আইপিএল ২০২৫-এর ফাইনাল হবে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আশ্বাসও টিকল না আবহাওয়ার আশঙ্কার সামনে।
বিসিসিআই এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, আবহাওয়া ও অন্যান্য কারণ বিবেচনা করেই প্লে-অফ ও ফাইনালের ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হবে আমদাবাদে। কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে ১ জুন, এবং ৩ জুন মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৮তম আইপিএল আসরের গ্র্যান্ড ফাইনাল।
প্রথমিক সূচি অনুযায়ী, এই দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ২৩ ও ২৫ মে। কিন্তু ভারত-পাক সীমান্তে উত্তেজনার কারণে টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যায়। এর ফলে ফাইনালের নতুন তারিখ পড়ে ৩ জুন, যেদিন কলকাতায় রয়েছে ৬৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা।
সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) এই সিদ্ধান্তে সায় না দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়ে গিয়েছিল। সৌরভ নিজেও জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব। কিন্তু আবহাওয়ার যুক্তিকে সামনে রেখে বোর্ড ফাইনাল সরিয়ে দেয় আমদাবাদেই।
তবে শুধু ফাইনাল নয়, কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচ হবে নিউ চণ্ডীগড়ের নতুন পিসিএ স্টেডিয়ামে, যথাক্রমে ২৯ ও ৩০ মে। সবমিলিয়ে বলা যায়, সৌরভের শহরে না হলেও ক্রিকেটের মহারণ এবারও জমজমাট হতে চলেছে।
ইডেনের মাঠে শেষ মুহূর্তে বাতি নেভালেও, ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার আলো নিভছে না একটুও!
