আকাশে সুরক্ষার নতুন প্রতীক হতে চলেছে ‘গোল্ডেন ডোম’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এক বিশাল প্রতিরক্ষা প্রকল্প, মার্কিন মাটি রক্ষায় গড়ে উঠবে ‘গোল্ডেন ডোম’, একটি অত্যাধুনিক মিসাইল শিল্ড সিস্টেম, যাতে ব্যয় হবে প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
ইজরায়েলের ‘আয়রন ডোম’ আর ভারতের ‘আকাশ’ সিস্টেমের অনুপ্রেরণায়, এবার নিজের আকাশ আরও শক্ত করতে উদ্যোগী হয়েছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অন্তত তিন বছরের মধ্যে ‘গোল্ডেন ডোম’ পূর্ণ রূপ পাবে।
উপগ্রহনির্ভর এই প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে উচ্চক্ষমতার স্যাটেলাইট নেটওয়ার্ক, যা পৃথিবী থেকে বা মহাকাশ থেকেও ছোড়া মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারবে। “আমার প্রতিশ্রুতি ছিল উন্নত এয়ার ডিফেন্স, এখন সেই প্রতিশ্রুতি বাস্তব হচ্ছে,” বলেন প্রেসিডেন্ট।
প্রথম ধাপে ২৫ বিলিয়ন ডলারের বাজেট ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। ট্রাম্পের দাবি, এই ব্যবস্থা সম্পূর্ণভাবে আমেরিকার মাটিতে তৈরি হবে এবং তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমে পরিণত হবে।
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের ‘আকাশ’ সিস্টেম যেভাবে শত্রুর শতাধিক ড্রোন-মিসাইল রুখেছে, তাতে দুনিয়াজুড়ে নজর কাড়া সাফল্য পেয়েছে ভারত। সেই উদাহরণেই বুঝি এবার আরও একধাপ এগিয়ে গেল আমেরিকা।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধনীতিতে আকাশপথে প্রতিরক্ষা এক নতুন মোড় নিয়েছে। ‘গোল্ডেন ডোম’ প্রকল্প সফল হলে তা ভবিষ্যতের যুদ্ধপ্রবণ পরিস্থিতিতে এক বিশাল বদল আনতে পারে।
ট্রাম্পের ‘সোনার গম্বুজ’ কি আমেরিকাকে অজেয় করে তুলবে? উত্তর সময়ই দেবে, তবে প্রতিরক্ষার আকাশে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
