ভারত-পাক উত্তেজনার আবহে এবার সোশ্যাল মিডিয়ায় ‘পোস্টার যুদ্ধ’ ঘিরে চরমে উঠল রাজনৈতিক লড়াই। কেন্দ্রবিরোধী নেতা রাহুল গান্ধীকে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে একফ্রেমে বসিয়ে বিজেপির পোস্টারে লেখা হয়েছে, আধুনিক যুগের মীরজাফর!পালটা চাপে কংগ্রেসও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পুরনো ছবি তুলে কটাক্ষ, এক বিরিয়ানি দেশ পার ভারী!
সাম্প্রতিক অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি বিমান ধ্বংস করেছে, এই নিয়ে জবাব চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। বিজেপি নেতা অমিত মালব্য রাহুলের মন্তব্যকে পাকিস্তানের সুরে সুর মেলানো বলে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাহুল-মুনিরের অর্ধেক মুখের মিলিত ছবি। সঙ্গে লেখা, তিনি কখনও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন না, উলটে শুধু প্রশ্নই করছেন!
এই পোস্টারই ঘি ঢালে আগুনে। কংগ্রেসও ছেড়ে কথা বলেনি। পালটা তারা পোস্ট করে ২০১৫ সালের সেই সফরের ছবি, যেখানে মোদি হঠাৎ পাকিস্তান গিয়ে সাক্ষাৎ করেছিলেন নওয়াজ শরিফের সঙ্গে। ছবির তলায় লেখা, ‘এক বিরিয়ানি দেশ পার ভারী’। ইঙ্গিত স্পষ্ট, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ করে বিপদ ডেকে এনেছিলেন মোদি নিজেই।
এই পোস্টার-যুদ্ধে ফের সামনে এল ভারত-পাক সম্পর্ক ও রাজনীতিতে তার ব্যবহার। সাধারণ মানুষ বলছেন, অপারেশন সিঁদুরের মতো সেনা অভিযানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক লড়াই হোক ঠিক আছে, কিন্তু সেটিকে সোশ্যাল মিডিয়ার ‘মীম যুদ্ধ’-এ নামিয়ে আনা এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৫-এর রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং পোস্টার-রাজনীতি এক নতুন ট্রেন্ড তৈরি করছে। তাতে জনমত কতটা প্রভাবিত হবে, তা সময় বলবে, তবে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
