দিব্যেন্দু মজুমদার, হুগলি
অম্রুত মিত্র প্রকল্পের মূল লক্ষ্যকে সামনে রেখে নারীদের নেতৃত্বে এবার উত্তরপাড়া কোতরং পুরসভার বেশ কয়েকটি সরকারি পুকুরের চারপাশ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হল জোর কদমে। উইমেন ফর ট্রিস ব্যানারকে সামনে রেখে নারীদের নেতৃত্বে এই সবুজায়নের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে একটা সুন্দর দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়াই এর মূল উদ্দেশ্য। অম্রুত মিত্র প্রকল্পের দুইটি দিকের একটি দিক হল বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। আর দ্বিতীয়টি হল বিভিন্ন সরকারি পুকুরের চারপাশের পরিবেশ সবুজায়ন করা। এই প্রকল্পের অধীনে সরকারের পক্ষ থেকে উত্তরপাড়ার চারটি পুকুরকে নির্বাচিত করা হয়েছে। বুধবার উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের উপস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই চারটি পুকুরের চারপাশ দিয়ে বৃক্ষ রোপণ করেন।
এদিন ২৩ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর ও গভঃ কলোনি পুকুর, ৬ নম্বর ওয়ার্ডের পন্ডিত পুকুর এবং ১৪ নম্বর ওয়ার্ডের একটি সরকারি পুকুরের চারপাশে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সূচনা করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সবুজায়নের সঙ্গে যুক্ত থাকবেন এবং তারাই ভবিষ্যতে এই গাছগুলির দেখাশোনার সমস্ত দায়িত্ব পালন করবেন। আগামী দিনে অম্রুত প্রকল্পের ইঞ্জিনিয়ার ও ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের আধিকারিকরা এই কাজের অগ্রগতি কতটা হয়েছে তা পরিদর্শন করে তাদের মতামত জানাবেন। উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান তাদের শহরের চারটি পুকুরকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য তিনি সরকারের কাছে কৃতজ্ঞ। এই বৃক্ষ রোপনের মধ্য দিয়ে একধারে যেরকম সবুজায়ন হবে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে বলে মনে করেন তিনি। আগামী দিনে এই চারটি পুকুরের চার ধার দিয়ে মোট তিনশোটি গাছ লাগানো হবে। এলাকার মানুষ এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে এই সবুজায়ন নিঃসন্দেহে শহরবাসীকে অক্সিজেন যোগাবে। শহরবাসী নতুন করে বাঁচার রসদ পাবে।
