Afghanistan: চিনের স্বপ্নের প্রকল্প চিন-পাকিস্তান ইকোনমিক করিডর ওরফে সিপেক এবার আফগানিস্তানেও বিস্তার করা হবে। আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করল চিন ও পাকিস্তান। আপাতভাবে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষিণ এশিয়ায় যোগাযোগের মাধ্যম সুদৃঢ় করে তোলা উদ্দেশ্য হলেও ভারত-পাক সংঘাতের মাঝে এহেন চুক্তি নিঃসন্দেহে ইঙ্গিতবাহী।
চিন ও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই সখ্যতায় ভারতের পক্ষে কূটনৈতিক তো বটেই, ভূরাজনৈতিক স্তরেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। এমনিতেই আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের সময় ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিচ্ছিল চিন। পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার পর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিবৃতিও জারি করে চিন। যদিও পাকিস্তান যে তাদের সর্বক্ষণের বন্ধু, তা স্পষ্টতই জানিয়ে দেয় চিন। এমতাবস্থায় ভারত-পাক উত্তেজনার আবহে আফগানিস্তানেও করিডর বিস্তারে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে বইকি।
কী এই CPEC?
চিন সরকারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অঙ্গ এই সিপেক। লাদাখের গিলগিট বালতিস্তান এলাকা হয়ে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানের বালোচিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত বিস্তৃত চিন-পাকিস্তান ইকোনমিক করিডর ওরফে সিপেক। চিনের সঙ্গে অর্থনৈতিক সহাবস্থান মজবুতে সড়ক, রেল যোগাযোগ নিবিড় করতে ও পণ্য সরবরাহ মসৃণ করতেই সিপেক উদ্যোগ নেওয়া হয়। স্রেফ তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে আফ্রিকা থেকে পণ্য খুব সহজেই পাকিস্তান দিয়ে পৌঁছতে পারে চিনে। এর জন্যে ভারত সাগর ঘুরে দক্ষিণ চিন সাগরে যেতে হয় না তাদের।
কেন উদ্বেগ বাড়বে ভারতের?
নতুন ত্রিপাক্ষিক চুক্তিতে অন্তর্ভুক্তির জেরে কর্মসংস্থান ও পরিকাঠামো বৃদ্ধির আশায় তালিবানি শাসিত আফগানিস্তান। দক্ষিণ এশিয়ায় বাণিজ্যও জোরদার হবে বলে আশা। তবে বেশকিছু জায়গায় উদ্বেগের কারণ রয়েছে ভারতের। আফগানিস্তানে হাইওয়ে নির্মাণ, আফগান সংসদ ভবন থেকে শুরু করে উন্নতমানের হাসপাতাল নির্মাণে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। পাকিস্তান ও চিনের আগ্রাসনে ভারতকে কোণঠাসা করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা।
স্রেফ তাই নয়, ভারতের চারপাশে বিশেষ বিশেষ সামুদ্রিক বন্দরগুলিতেও আধিপত্য বিস্তারে সক্ষম হচ্ছে চিন। শ্রীলঙ্কার হাম্বানতোতা, পাকিস্তানের গোয়াদর, বাংলাদেশের চট্টগ্রামে জায়গা পাকা করে ফেলেছে চিন। আর এবার সিপেকে আফগানিস্তানের অন্তর্ভুক্তির জেরে ভারতের পশ্চিম সীমান্তে ভিত মজবুতের প্রয়াস করছে চিন। ভারতকে ঘিরে ফেলার চেষ্টায় বেজিং। তাই বলাই বাহুল্য, চিন পাকিস্তান আফগানিস্তান অক্ষ থেকে আগামিদিনে ভারতকে নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলেও হতে পারে।
