নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়তে নির্দেশ। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ভারত ছাড়তে হবে বলে জানাল কেন্দ্র। এই মর্মে বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তান হাইকমিশনের এক কর্মী পদের সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে লিপ্ত। এবিষয়ে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে একটি ডিমার্শ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
পাকিস্তানি কূটনীতিক বা আধিকারিকরা ভারতে থেকে যেন তাদের সুবিধাকে কাজে লাগিয়ে কোনও অপকর্ম না করতে, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশের জালে ইউটিউবার জ্যোতি মালহোত্রা-সহ ১১ জন। সেই আবহেই এবার ফের এক পাক দূতাবাস কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
সূত্রের খবর, বুধবার বহিষ্কৃত পাকিস্তানি কর্মীর নাম আহসান-উর-রহিম ওরফে দানিশ। ধৃত জ্যোতির বিরুদ্ধে তদন্তে জেরায় উঠে এসেছে তাঁর নাম। গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে দানিশের বিরুদ্ধেও। পাশাপাশি ভারতীয় সেনার গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানকে পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গোয়েন্দাদের জেরায় বিস্ফোরক তথ্য স্বীকার করে ফেলে জ্যোতি। পাক গুপ্তচর সংস্থা ISI-এর অফিসার আলি হাসানের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনই জানিয়েছেন জ্যোতি। হাসানই পাকিস্তানে তার থাকা এবং ঘোরার ব্যবস্থা করে দেয়। দিল্লিতে পাক হাইকমিশনের কর্মী দানিশের সূত্রেই জ্যোতির সঙ্গে আলি হাসানের যোগাযোগ। আর এবার সেই দানিশকেই ভারত ছাড়তে নির্দেশ।
এর আগে গত ১৩ মে দিল্লিতে পাক হাইকমিশনের এক কর্মীকে একই কারণে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক প্রোটোকল বিরুদ্ধ কাজ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে এক কর্মীকে বহিষ্কার করে পাকিস্তানও। তাঁর বিরুদ্ধেও পদমর্যাদার এক্তিয়ার বহির্ভূত কাজ করার অভিযোগ তোলে পাকিস্তান।
