Maobadi Encounter: মাও দমনে যৌথবাহিনীর বড়সড় সাফল্য! ছত্তিসগড়ে বিশেষ অভিযানে নিকেশ ২৭ জন মাওবাদী। এমনকী মাওনেতা নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসব রাজ (Basavraj)-র মৃত্যু পর্যন্ত হয়েছে এই অভিযানে, যা বড় সাফল্য হিসাবেই দেখছে নিরাপত্তাবাহিনী। আর এই সাফল্যের জন্য বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। একই সঙ্গে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যকলাপকে উৎখাতের ডাকও দেন তিনি।
Maobadi Encounter: কী বললেন প্রধানমন্ত্রী মোদী
শীর্ষ মাওবাদী নেতা তথা সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক বাসব রাজ সহ ২৭ মাওবাদীর মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়া এক্সে (আগে-টুইটার) বার্তা দেন অমিত শাহ। আর সেই বার্তা নিজের ওয়ালে শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে লেখেন, ‘উল্লেখযোগ্য এই সাফল্যে সুরক্ষাবাহিনীর জন্য গর্বিত আমরা। মাওবাদকে সমূলে উৎপাটন করতে এবং সাধারণ মানুষকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল জীবন দিতে প্রতিশ্রতিবদ্ধ আমরা।’
অন্যদিকে এই বিশেষ অভিযানে নাম্বালা কেশব রাও’য়ের মতো শীর্ষ মাওবাদী নেতার মৃত্যুতে উচ্ছ্বসিত অমিত শাহ। বাহিনীর এই সাফল্যকে ‘যুগান্তকারী’ বলে উল্লেখ করে তাঁর দাবি, মাওবাদী দমনে এটি বাহিনীর যুগান্তকারী সাফল্য। নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ সহ ২৭ মাওবাদীর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গত তিন দশকে সাধারণ সম্পাদক পর্যায়ের কোনও নেতাকে নিকেশ করতে বাহিনী সক্ষম হয়েছে।
এর জন্য বাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শাহ লেখেন, সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক বাসব রাজ শীর্ষ একজন নেতাই নন, মাওবাদী কার্যকলাপের ক্ষেত্রে অন্যতম মেরুদণ্ড ছিলেন বলেও ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছত্তিসগড়ের পাশাপাশি তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রেও মাওবাদীদের বিরুদ্ধে ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ অভিযান চালাচ্ছে বাহিনী। আর সেই সাফল্যের কথাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মোদীর ডেপুটি।
তিনি জানিয়েছেন, ছত্তিসগড় সহ এই দুই রাজ্যে এখনও ৫৪ জন মাওবাদীকে গ্রেফতার এবং ৮৪ জন আত্মসম্পরন করেছেন। আর এরপরেই শাহের হুঁশিয়ারি, আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদকে একেবারে সমূলে উৎখাত করা হবে।
