Nambala Keshav Rao: ছত্তিসগড়ে মাওবাদী অভিযানে (Chhattisgarh Encounter) বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বিশেষ অভিযানে নিকেশ শীর্ষ মাওনেতা নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসব রাজ (Basavraj)। ভোর-রাত থেকে বাহিনীর বিশেষ অভিযান শুরু হয় নারায়ণপুর (Narayanpur District) জেলার আবুজমাড় (Abujhmad) এলাকায়। সেখানেই মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াইয়ে অন্তত ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই তালিকায় নাম্বালা কেশব রাও আছে বলেও দাবি। ‘মোস্ট-ওয়ান্টেড’ এই মাওনেতার মৃত্যু অবশ্যই সাফল্য হিসাবেই দেখছে বাহিনী। কিন্তু কে এই মাওনেতা নাম্বালা কেশব রাও?
প্রায় ৭০ বছর বয়সের এই মাওনেতার (Nambala Keshav Rao) খোঁজে দেশ জুড়ে দীর্ঘ সময় ধরেই তল্লাশি চলছিল। প্রায় দেড় কোটি টাকা মাথার দাম ঘোষণা করা হয়েছিল। ১৯৭০ সালে বাড়ি ছেড়ে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হন নাম্বালা কেশব রাও। এরপর একাধিক শীর্ষ মাও নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন। শুধু তাই নয়, পরবর্তীকালে মাওবাদী সংগঠন (Communist Party of India (Maoist)-এর সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্বে পেয়েছিলেন।
জানা যায়, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার (Srikakulam district) জিয়ান্নাপেটা গ্রামের (Jiyannapeta village) বাসিন্দা বাসব রাজ। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী। এমনকী স্থানীয় ওয়ারাঙ্গাল রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ (Regional Engineering College (REC) থেকে বি-টেক (BTech) ডিগ্রি অর্জন করেন। কিন্তু এরপরেই বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যান তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীলঙ্কায় তামিল টাইগার্সের (LTTE) থেকে গেরিলা যুদ্ধ, অ্যাম্বুশ প্ল্যানিং, বিস্ফোরক তৈরি সহ একাধিক ট্রেনিং নিয়েছিলেন নিকেশ হওয়া এই শীর্ষ এই মাওবাদী নেতা।
