গত নভেম্বরে ঐতিহাসিক জয় পেলেও ক্রমেই মার্কিন দেশে জনপ্রিয়তা কমছে ডোনাল্ড ট্রাম্পের। চলতি সপ্তাহে আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। রয়টার্স/ইপসোস-এর করা এক নতুন সমীক্ষায় এই তথ্য জানা গেছে। বলা হচ্ছে দ্বিতীয় মেয়াদে তাকে নিয়ে যত সমীক্ষা হয়েছে এটিই তার মধ্যে সর্বনিম্ন।
কিন্তু জো বাইডেনকে হইহই করে হারিয়ে ২য় বারের জন্য ক্ষমতায় এলেও কেন জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প? নিজের জয়কে ল্যান্ডস্লাইড ভিকট্রি বলে উল্লেখ করলেও তিনি জনপ্রিয় ভোটে জয়ী হননি।মার্কিন সংবাদমাধ্যমের মতে হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ উত্তরদাতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকে ‘অব্যবস্থাপনার’ সঙ্গে তুলনা করেছেন। ৫৯% একে ‘ভয়জনক’ বলেছেন এবং ৫৪% তার প্রেসিডেন্ট হিসেবে কাজের সমালোচনা করেছেন। যদিও গত কয়েক সপ্তাহে তার অনুমোদন রেট কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে এটি নেতিবাচকই রয়ে গেছে।
তবে ভক্স ডট কম জানাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তার বিষয়ে অত্যন্ত সচেতন।তিনি জনমত সার্ভেতে গুরুত্ব দেন এমনকি যেসব সমীক্ষায় তার জনপ্রিয়তা কম দেখানো হয়েছে, সেগুলোকে ‘ফেক নিউজ সংস্থার ফেক পোল’ বলে আখ্যা দিয়ে তদন্তের দাবি তুলেছেন।জনমতের প্রতি ট্রাম্পের নমনীয়তার সবচেয়ে বড় উদাহরণ হলো তার ট্যারিফ নীতি। ক্ষমতায় আসার পর তিনি মিত্র ও শত্রু সকল দেশের উপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা করলেও লাগাতার সমালোচনার জেরে তাঁর এই নীতি বারবার পরিবর্তন হয়েছে।
এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, ইপসোসের একটি সমীক্ষায় দেখা গেছে যে দুই-তৃতীয়াংশ আমেরিকান ট্রাম্পের ট্যারিফ নীতির বিরোধী। পাশাপাশি সিএনএনের আরেকটি সমীক্ষা জানাচ্ছে যে বেশিরভাগ আমেরিকান ইজরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর বিরুদ্ধে।
তবে জনমতের কথা কিছুটা অগ্রহ্য করলেও ট্রাম্প কিন্তু আদালতের রায় মেনে চলছেন।পিউ রিসার্চের একটি সমীক্ষায় দেখা গেছে যে ৭৮% আমেরিকান মনে করেন ট্রাম্পের ফেডারেল আদালতের রায় মেনে চলা উচিত, এবং ৮৮% মনে করেন তিনি সুপ্রিম কোর্টের রায় মান্য করবেন।কিছু ব্যতিক্রম থাকলেও, ট্রাম্প প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রে আদালতের প্রক্রিয়া মেনে চলেছেন। ট্রাম্প আদালতের সমালোচনা সত্ত্বেও, তিনি প্রকাশ্যে তাদের অবাধ্য হননি। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে আমি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখি এবং বিচারপতিদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে।
এবারের রয়টার্স/ইপসোস-এর করা সমীক্ষায় দেখা গেছে ট্রাম্পের প্রতি সমর্থন গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে। আগের সপ্তাহের সমীক্ষায় ৪৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রম সমর্থন করেছিলেন।এবার সেই হার ৪২ শতাংশে নেমেছে। এর পেছনে কারণ হিসেবে ট্রাম্প মার্কিন অর্থনীতিতে একটি স্বর্ণযুগ আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তাঁর শুল্ক নীতি মন্দার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
তথ্য অনুসারে তুলনামূলক কম হলেও, ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা তার প্রথম মেয়াদের বেশিরভাগ সময়ের চেয়ে বেশি। এমনকী পূর্বসূরি জো বাইডেনের জনপ্রিয়তার চেয়ে বেশি।নানা সিদ্ধান্তে ধাক্কা খেলেও নিজেকে জনপ্রিয়তার সিংহাসনেই বসিয়ে রাখতে চান ট্রাম্প।
Leave a comment
Leave a comment
