কান চলচ্চিত্র উৎসব মানেই গ্ল্যামার, গ্লোবাল স্টাইল স্টেটমেন্ট, আর তারকাদের নজরকাড়া উপস্থিতি। কিন্তু এ বার সবাইকে চমকে দিলেন এক ভারতীয়। তিনি অভিনেত্রী রুচি গুজ্জর। কানের রেড কার্পেটে পা রেখেই সংবাদ শিরোনামে উঠে এলেন। তা-ও আবার এক অভিনব কারণে! তাঁর গয়নায় ছিল এক বিশেষ ছোঁয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখমণ্ডল খচিত কানের দুল আর নেকলেস! আর সেটাই তাঁকে করে তুলেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রুচির রুচি!
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে রুচি আত্মপ্রকাশ করেন ভারতের ঐতিহ্যবাহী রাজস্থানি শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি এক ঝলমলে সোনালী লেহেঙ্গায়। তবে নজর কাড়ল তাঁর স্টাইল স্টেটমেন্ট, মোদীর মুখের ছবি দেওয়া গয়না। “ক্যারোলিনস ইউনিভার্স” ডিনারে এই গয়না পরে হেঁটেছেন তিনি কানের লাল গালিচায়। নিজের গয়নার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে রুচি বলেন, “এই নেকলেস শুধুই অলংকার নয়, এটি ভারতের শক্তি, দৃষ্টিভঙ্গি এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের উত্থানের প্রতীক।”
রুচির পোশাক তৈরি করেছেন ডিজাইনার রূপা শর্মা। তাঁর সুসজ্জিত লেহেঙ্গায় সূক্ষ্ম সুতোর কাজ, কাচের ব্যবহার এবং তাতে সোনালী কারুকার্য ছিল নজরকাড়া। সঙ্গে ছিল জারিবারির অ্যাটেলিয়ারের হাতে তৈরি দোপাট্টা। তাতে আবার চিক রামের ডিজাইন ও জারদৌসি অলঙ্করণ, সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন।
কিন্তু কে এই রুচি গুজ্জর? বাহারি পোশাকের আড়ালে লুকিয়ে এক লড়াইয়ের কাহিনি। রাজস্থানের গুজ্জর পরিবারে বেড়ে ওঠা রুচি পেশাগত জীবনে সহজ রাস্তায় হাঁটেননি। জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক শেষ করে তিনি স্বপ্নের পেছনে ছুটে মুম্বই চলে আসেন। বর্তমানে তিনি একজন মডেল, অভিনেত্রী এবং মিস হরিয়ানা ২০২৩। ‘জব তু মেরি না রহি’ ও ‘হেলি মে চোর’-এর মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তবে তারকাখ্যাতির বাইরেও, তিনি নিজের সম্প্রদায়ের জন্য এক নতুন দিশার প্রতীক হয়ে উঠেছেন।
রুচি জানান, “আমার সম্প্রদায়ে মেয়েদের শো-বিজে কাজ করা খুব কঠিন। আমি চাই, আমার এই পথচলা আরও মেয়েদের সাহস জোগাক।” তিনি আরও বলেন, “শুরুর দিকে আমার মা একটু ভয় পেয়েছিলেন, কিন্তু আজ তিনি গর্বিত। আমার বাবা প্রথম দিন থেকেই পাশে ছিলেন, আর এখন পুরো পরিবারই আমাকে সমর্থন করে।” ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রুচি বলেন,“আমি দক্ষিণী ছবিতে কাজ করতে চাই। সেখানকার দর্শকরা খুব আবেগপ্রবণ ও আন্তরিক। আমি তাদের ভালোবাসা পেতে চাই।”
নিজের এই অভিনব গয়না নিয়ে রুচি বলেন,“মোদীজির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মঞ্চে নতুন এক পরিচয়ে পৌঁছেছে। আমি সেই গর্বকে গয়নার মাধ্যমে বহন করতে চেয়েছি। এটা শুধুই ফ্যাশন নয়, এটি এক শ্রদ্ধাঞ্জলি, এক বার্তা, আমরা কে, এবং আমরা কোথায় পৌঁছাতে চাই।”
