এক মাস কেটে গেল। কিন্তু পহেলগামের আততায়ীরা এখনও অধরা। জম্মু-কাশ্মীর জুড়ে চলছে চিরুনি তল্লাশি। এই আবহেই আবার সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ। বৃহস্পতিবার ভোর রাতে কিস্তওয়ারের সিংহপোরা গ্রামে শুরু গুলির লড়াই।
জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীর যৌথ অভিযানে জঙ্গিদের একাধিক আস্তানা চিহ্নিত হয়েছে। গোয়েন্দা সূত্রে পাওয়া ‘সুনির্দিষ্ট’ তথ্যের ভিত্তিতে শুরু হয় চিরুনি তল্লাশি। চার দিকে ঘেরাটোপ, নজরদারি ড্রোন, থার্মাল ইমেজার, বুলেটপ্রুফ বাহিনী, সবই নামানো হয়েছে অভিযানে। সন্দেহ, জইশ-ই-মহম্মদের তিন থেকে চার জঙ্গি ওই এলাকায় আত্মগোপন করে আছে, যারা সম্ভবত গত বারের এনকাউন্টার থেকে কোনও ভাবে পালাতে সক্ষম হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকাজুড়ে থমথমে পরিবেশ, স্কুল-দোকান বন্ধ, মানুষ গৃহবন্দি। শোনা যাচ্ছে গুলি-বিস্ফোরণের আওয়াজ। এলাকা ছেয়ে গেছে সেনা গাড়ি, টহলদারি দল আর স্নাইপার বাহিনীতে। অন্য দিকে, গোটা কাশ্মীর জুড়ে চলছে সমান্তরাল অভিযান। সোপিয়ান, অনন্তনাগ, কুলগামের মতো এলাকাগুলিতেও নজরদারি তীব্রতর করা হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা ঘাঁটি।
এই এক মাসে কূটনৈতিক ও প্রতিরক্ষা স্তরে ভারতের বার্তা ছিল স্পষ্ট, পহেলগামের প্রত্যুত্তর আসবেই। ইতিমধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালিয়েছে ভারত। তবে পহেলগামের জঙ্গিরা এখনও অধরা।
