সুদীপ্ত
কয়েকদিন আগেই কলকাতা শহরজুড়ে একাধিক জায়গায় ড্রোনের
অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের রহস্যময় ড্রোনের আনাগোনা সাগরতটে কপিল মুনির আশ্রম চত্বরের আকাশে। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় রহস্যময় আলো দেখতে পান স্থানীয়রা। গঙ্গাসাগর, মৌসুনী, বকখালি, ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পান স্থানীয়রা। আনুমানিক রাত বারোটা নাগাদ আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে স্থানীয়দের। উপকূলীয় এলাকায় দুই থেকে তিনটি রহস্যময়
আলো ঘোরাঘুরি করতে থাকে। এমনকি, গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপরেও বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায়। এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা রহস্যময় আলোটির ছবি মোবাইল বন্দী করে। গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী সংলগ্ন এলাকায় অস্বাভাবিক আলোর গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এ বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছেন। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, এইরকম একটি খবর পাওয়া গিয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে পরিবালা গিরি নামে এক বৃদ্ধ মহিলা জানান, গতকাল রাতে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বেশ কয়েকটি রহস্যময় আলো আমরা দেখতে পাই। আমরা প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। আলোটি উত্তর এবং দক্ষিণ দিকে সরে যাচ্ছে। কিসের আলো আমরা বুঝতে পারিনি। এ বিষয়ে সাথী মৈত্র তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে আর তার মধ্যে এই রহস্যময় আলো। আমাদেরকে ভাবিয়ে তুলছে। সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি। কিসের আলো আমরা বুঝতে পাচ্ছিনা। সাগরদ্বীপের বাসিন্দারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে এই আলোর গতিবিধি নিয়ে।
