Anti-Naxal Operation: এক দশকের বেশি সময় ধরে চলা মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য! চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম ১৫০ দিনেই মৃত মাওবাদীর সংখ্যা ৩০০। ২০০৯ সালের পর যা সবথেকে বেশি। দেশ থেকে মাওবাদী নির্মূল করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যেই তা করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে মাওবাদীরা যে প্রবল কোণঠাসা তা এই রিপোর্টেই স্পষ্ট।
ছত্তিসগড় সহ একাধিক রাজ্যে মাওবাদী অভিযান (Anti-Naxal Operation) চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক আধিকারিক বলছেন, আর এই অভিযান যেভাবে চলছে তা কার্যত নজিরবিহীন। ২০০৯ সালের পর ২০২৫, দীর্ঘ ১৬ বছর পর এহেন অভিযান চলছে। সেই সময় ৩১৪ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছিল। আর তা ছিল ২০০৯ সালের রেকর্ড। কিন্তু চলতি বছর অর্থাৎ ২০২৫ এর শুরু থেকেই মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। প্রথম ১৫০ দিনেই মৃত ও আহত মাওবাদীর সংখ্যা ৩০০, বলছেন আধিকারিকরা। তাঁদের কথায়, এবার মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের সব রেকর্ড ভেঙে যাবে। সংগঠন মুখ থুবড়ে পড়বে বলেও মত।
ছত্তিসগড় পুলিশের শীর্ষ এক আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযানের গুরুত্বপূর্ণ সাফল্য এটি। একেবারেই গোয়েন্দা তথ্যের উপর চলছে বিশেষ অপারেশন। শুধু তাই নয়, রাজ্য এবং কেন্দ্র সবসময় যোগাযোগ রেখে চলছে। আর সেটাই একেবারে নির্ভুলভাবে মাওবাদীদের বিরুদ্ধে হামলায় সাহায্য করছে বলে দাবি শীর্ষ ওই পুলিশকর্তার।
তিনি আরও জানিয়েছেন, ছত্তিসগড়, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলছে এই অভিযান। একই সঙ্গে মহারাষ্ট্রের বেশ কিছু অংশেও অভিযান চলছে। আর এই অভিযানে শুধুমাত্র মাওবাদীদের নিকেশ করা নয়, ফান্ড থেকে শুরু করে সমস্ত করিডরকে বন্ধ করে দেওয়া হচ্ছে।
কার্যত এই কায়দায় বুধবার ছত্তিসগড়ের নারায়ণগড় জেলায় শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজুকে (Naxal leader Basava Raju) নিকেশ করে বাহিনী। একই সঙ্গে আরও ২৭ মাওবাদীর মৃত্যু হয়েছে। আর তা বড় সাফল্য হিসাবে দেখছে বাহিনী। বাসব রাজু ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ মাওনেতা। মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর মাথার দাম রাখা হয়েছিল ১ কোটিরও বেশি। দেশ জুড়ে তাঁর খোঁজে চলছিল তল্লাশি। ফলে বাসব রাজুর মৃত্যু বড় সাফল্য হিসেবেই দেখছে বাহিনী।
সিআরপিএফের ডিজি জিপি সিং জানিয়েছেন, গত মাসে মাওবাদীদের বিরুদ্ধে আরও বড় অভিযান চলেছে। বিশেষ অপারেশন ৩০ জন মাওবাদীকে নিকেশ করা হয়। এই অভিযান আগামিদিনে আরও জোরদার হবে বলেও ইঙ্গিত আধিকারিকের।
