India Pakistan: পাকিস্তানের ওয়ান্টেড জঙ্গিদের ফেরাতে বলল ভারত। এব্যাপারে ইসলামাবাদকে আগেই তালিকা ধরিয়ে দিয়েছিল নয়াদিল্লি। আর এবার সীমান্তে উত্তেজনার আবহেই ওয়ান্টেড জঙ্গিদের ফেরানোর কথা পাকিস্তানকে মনে করিয়ে দেওয়া হল ভারতের তরফে। জঙ্গিদের ফেরানোর বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনাতেও বসতে রাজি বলে জানানো হয়েছে ভারত সরকারের তরফে।
পাকিস্তানের সন্ত্রাসের কথা বলতে বিদেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। আর এবার সাঁড়াশি চাপ দিতে বিদেশমন্ত্রকের তরফে জানানো হল, পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের ফেরাতে চাপ দেওয়া হবে পাকিস্তানকে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “আলোচনা ও সন্ত্রাস এক সারিতে থাকতে পারে না। কুখ্যাত জঙ্গিদের তালিকা আমরা কয়েক বছর আগেই দিয়েছি। তাদের ভারতে ফেরানো নিয়ে আলোচনায় বসতে চাই আমরা।”
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের অঙ্গ হিসেবে পাকিস্তানের সন্ত্রাসের পর্দাফাঁস করতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। দেশে দেশে গিয়ে পাকিস্তানের নোংরামোর কথা বলবেন সর্বদলের প্রতিনিধিরা। ইতিমধ্যেই জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা এর নেতৃত্বে প্রতিনিধি দল পৌঁছেছে জাপানে। সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে টিম।
সূত্রের খবর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ভারতের সঙ্গেই থাকার বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও জাপান। শিন্ডে জানান, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কথা জানিয়েছেন তাঁরা। জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ার সঙ্গে সাক্ষাৎ সেরেছে সঞ্জয় ঝা-এর টিম। ভারতের বিরুদ্ধে লড়াইতে তারাও শরিক হবেন বলে জানিয়েছেন জাপানের মন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে তিনি প্রশংসাও করেছেন বলে খবর।
