“তুমি যদি আমাদের জল বন্ধ করো, আমরা তোমার শ্বাস নেওয়া বন্ধ করব।” সিন্ধু জলচুক্তি বাতিলের পর দিশেহারা পাকিস্তান এ বার সরাসরি হুমকি দিল ভারতকে। পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি প্রকাশ্য মঞ্চ থেকে ভারতকে উদ্দেশ করে এই হুমকি দিয়েছেন। গত ২২ মে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেন, “তুমি যদি আমাদের জল বন্ধ করো, আমরা তোমার শ্বাস বন্ধ করব।”
এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তুলনা টানা শুরু হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সাইদের পুরনো হুমকির সঙ্গে। ওই জঙ্গিনেতা বলেছিল, ‘তুমি যদি জল বন্ধ করো, আমরা তোমার শ্বাস বন্ধ করব, এর পর নদীতে জলের বদলে রক্ত বইবে।’ পহেলগামে জঙ্গি হামলার পর ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি বাতিল করে দেয় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না।
এই আবহে পাক সেনা মুখপাত্রের মুখে মরিয়া হুমকির সুর।
বিশেষজ্ঞদের মতে, সেনাবাহিনীর মুখপাত্রের মুখে এমন হুমকি উদ্বেগের। কারণ এ কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং কূটনৈতিক সম্পর্কের উপর সরাসরি আঘাত। পাকিস্তানের সেনা সব সময়ই দেশটির মূল চালিকা শক্তি। বহুবার আন্তর্জাতিক মঞ্চে পাক সেনার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। এই মন্তব্য সেই অভিযোগকেই আরও জোরালো করল।
বিদেশ মন্ত্রক এই মন্তব্যকে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক বলে উল্লেখ করেছে। এর ফলে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং নিরাপত্তা বিশ্লেষকরাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্য ঘিরে রাগ ও উৎকণ্ঠা বাড়ছে। অনেকেই বলছেন, পাকিস্তানের সেনা এবং জঙ্গি সংগঠনগুলো একই ভাষায় কথা বলছে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার শান্তি এবং সমৃদ্ধিকে হুমকির মুখে ফেলতে পারে।
এই ঘটনায় স্পষ্ট, নয়াদিল্লি সিন্ধু জল চুক্তি বাতিল করায় ক্রমশ ঘরের মধ্যেই চাপ বাড়ছে পাক সেনার উপর। কৃষিকাজ সম্পূর্ণ থমকে যাওয়ার মুখে। ফুরিয়ে আসছে খাদ্য ভাণ্ডার। ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কায় বেসামাল পাকিস্তানের তেষ্টায় ছাতি ফাটার অবস্থা। তাই মরিয়া হয়ে এমন হুমকির পথ নিতে হচ্ছে।
