বাইক, গাড়ি, উচ্চস্বরে সাউন্ডবক্স, আর ‘জয়ধ্বনি’র মধ্যে চলছে বিজয় মিছিল! না, এ কোনও রাজনৈতিক দলের ভোটে জেতার পরের মিছিল নয়। এ হল গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাত জনের জামিন পাওয়ার আনন্দে বিজয় মিছিল! কর্ণাটকের হাভেরি জেলার আক্কিআলুর রাস্তায় ধুমধাম করে বিজয় মিছিল করল জামিনে মুক্ত গণধর্ষণে অভিযুক্তরা। অভিযুক্তদের মুখে বিজয়ের হাসি, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
ঘটনার সূত্রপাত, ২০২৪ সালের ৮ জানুয়ারি। হাভেরির হানাগল এলাকার একটি হোটেলে এক দম্পতি, ২৬ বছর বয়সী এক তরুণী এবং এক সরকারি কর্মী ঘর ভাড়া নেন। সেই রাতেই কয়েকজন হোটেলে ঢুকে ওই তরুণীকে জোর করে টেনে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ প্রথমে এই ঘটনাকে নীতি পুলিশি বলে হালকা করে দিতে চাইলেও এ বছরের ১১ জানুয়ারি আদালতে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা তরুণী। তার পরেই এই মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করা হয়। ঘটনায় সব মিলিয়ে ১৯ জনকে গ্রেফতার করে পুলিস। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় মদত দেওয়া এবং শারীরিক-নিপীড়নের অভিযোগ ছিল। তারা আগেই মুক্তি পেয়েছে জমিনে। বাকি ৭ জন অভিযুক্ত এত দিন বিচার বিভাগীয় হেফাজতে ছিল। সম্প্রতি হাভেরি সেশনস কোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা।
জামিন পেতেই বাইক, গাড়ি, ব্যান্ড-বাজনা নিয়ে ‘বিজয় যাত্রা’ শুরু করে অভিযুক্তরা। মুখে যেন বিজয়ের হাসি! ক্যামেরার সামনে ‘ভিক্টরি সাইন’ দেখানোর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হল, গণধর্ষণের মতো মামলায় কী করে জামিন পেলেন অভিযুক্তরা? জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী আদালতে অভিযুক্তদের শনাক্ত করতে পারেননি। সে কারণে অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও পোক্ত প্রমাণ দেখানো যায়নি। তাই জামিন মঞ্জুর করে কোর্ট।
