Mysore Pak: ভারত পাকিস্তান সংঘাত এবার ঢুকে পড়ল মিষ্টিতেও। বদলে দেওয়া হল জনপ্রিয় মিষ্টির নামই। দক্ষিণ ভারতের জনপ্রিয় তথা ঐতিহ্যবাহী মিষ্টি মাইসোর পাক। কিন্তু শত্রু দেশের নাম মুখে না আনতে মিষ্টির নাম বদলে হল মাইসোর শ্রী। রাজস্থানের জয়পুরের প্রসিদ্ধ মিষ্টি বিপণি এমনই উদ্যোগ নিয়ে খবরের শিরোনামে চলে এসেছে।
সংস্কৃত থেকে ‘পাক’ শব্দটি এসেছে। পাকের অর্থ রান্না করা। হিন্দিতেও রান্না করা করে ‘পাক’ বলা হয়ে থাকে। তবে জয়পুরের মিষ্টি বিপণিতে আপাতত এড়িয়ে চলা হচ্ছে সেই পাক শব্দটি। তাঁর সঙ্গে অবশ্য উক্ত ইতিহাসের কোনও যোগ নেই। বরং বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার আবহেই ওই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
কর্নাটকের মাইসোরে প্রথম তৈরি হয়েছিল মাইসোর পাক মিষ্টি। বেসন, চিনি ও ঘি দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। সারা বিশ্বে জনপ্রিয় এই মিষ্টি। জয়পুরের দোকানে তার নাম বদলে করা হল মাইসোর শ্রী। একইসঙ্গে নাম বদল হয়েছে মোতি পাক, আম পাক, গোন্দ পাক মিষ্টিগুলিরও। সেগুলি বর্তমানে মোতি শ্রী, আম শ্রী, মাইসোর শ্রী নামে ডাকা হচ্ছে ওই বিপণিতে। ওই দোকানের দুটি জনপ্রিয় মিষ্টি স্বর্ণ ভস্ম পাক ও চান্দি ভস্ম পাক-এর নামও পরিবর্তন করে শ্রী যোগ করা হয়েছে।
এই নাম বদলের উদ্যোক্তা তথা ওই বিপণির মালিক অঞ্জলি জৈন এপ্রসঙ্গে জানান, “দেশপ্রেম শুধু সীমান্তে নয়, প্রত্যেক নাগরিকের মধ্যে থাকা উচিত। আর সেকারণেই মিষ্টি থেকে পাক শব্দটি সরিয়ে দিয়েছি আমরা। ক্রেতারাই আমাদের বারবার অনুরোধ করেছেন ওই নাম বদলে দেওয়ার জন্যে।” তবে জনপ্রিয় ওই মিষ্টি বিপণির এই উদ্যোগকে অনুসরণ করছে বাকি দোকানগুলিও।
পহেলগাঁও জঙ্গি হামলার ১ মাস পার। ২২ এপ্রিল সবুজে ঘেরা বৈসরন উপত্যকায় বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের গুলি করে খুন করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত আনতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। তারই সাফল্য উদযাপনে ও পাকিস্তানের নাম মুখে পর্যন্ত না আনতে এবার মিষ্টি থেকে সরিয়ে দেওয়া হল পাক শব্দ।
