টেস্ট থেকে রোহিত শর্মার অবসরের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন শুভমান গিল। শনিবার বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ জনের দলে গিলের নেতৃত্বে খেলবে ভারত। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ২০ জুন, লিডসের হেডিংলিতে। সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে।
২৫ বছর ২৫৮ দিনের গিল হলেন ভারতের পঞ্চম কনিষ্ঠ টেস্ট অধিনায়ক। এর আগে টেস্টে মাত্র কয়েকটি ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও, আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। নির্বাচকদের মতে, গিলের পরিণত নেতৃত্ব এবং ধারাবাহিক উন্নতি তাঁকে এই দায়িত্ব দেওয়ার পেছনে বড় কারণ।
জসপ্রিত বুমরাহকেও অধিনায়ক হিসেবে বিবেচনা করা হলেও, পুরো সিরিজে খেলার সম্ভাবনা না থাকায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়নি। ইনজুরির কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। সদ্য MRI রিপোর্টে দেখা গেছে, তিনি পূর্ণ ফিটনেসে নেই। এছাড়াও দলে জায়গা হয়নি সরফরাজ খান, হর্ষিত রানা ও দেবদত্ত পাড়িক্কলের।
দলে প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও অর্শদীপ সিং। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফিরেছেন করুণ নায়ার। অলরাউন্ড বিভাগে আছেন রবীন্দ্র জাদেজা, নিতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। স্পিন বিভাগে একমাত্র ফ্রন্টলাইন স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।
প্রথম টেস্টের ভেন্যু হেডিংলি ছাড়াও বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এডবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে। নতুন নেতৃত্বে ভারতের পারফরম্যান্স ঘিরে উত্সাহ তুঙ্গে ক্রিকেটমহলে।
