ভারতের বিচারব্যবস্থায় এক নজিরবিহীন রায় ওড়িশা হাই কোর্টের। একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হল অভিনব শর্তে। ব্যাঙ্কের স্বচ্ছতার দায়িত্ব দেওয়া হল ওই মহিলার হাতে। তবে এই স্বচ্ছতা আর্থিক লেনদেন সংক্রান্ত নয়, বরং ব্যাঙ্ক পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ দেওয়া হয়েছে ওই মহিলাকে, বলে খবর। আগামী দু’মাস ব্যাঙ্কে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ওই মহিলাকে।
আইসিআইসিআই ব্যাঙ্কের কাছ থেকে ভুয়ো বন্ধক দেখিয়ে ১ কোটি ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন মনোজ্ঞা পট্টনায়েক। এ দিন তাঁকে জামিন দিলেও আদালত এক ব্যতিক্রমী মন্তব্য জুড়ে দেয় জামিনের শর্তে। শর্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কটকের লিঙ্ক রোডের আইসিআইসিআই ব্যাঙ্কের শাখা সাফসুতরো করতে হবে তাঁকে। কাজ না করলে তাঁর জামিন বাতিল হয়ে যাবে।
মনোজ্ঞা এর আগেও একই সম্পত্তি বন্ধক রেখে ভুবনেশ্বরের ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা শোধ করতে ব্যর্থ হন। এ বার প্রতারণার মামলায় গ্রেফতার হন ৫ ফেব্রুয়ারি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটিই সম্পত্তি দেখিয়ে দু’টি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন তিনি। হাই কোর্টের এই সিদ্ধান্তকে অনেকেই অভিনব ও সাহসী বলে আখ্যা দিয়েছেন।
আদালতের মতে, শাস্তির পাশাপাশি সংশোধনের সুযোগ দেওয়াও জরুরি। সমাজসেবার মাধ্যমে অপরাধীর মধ্যে দায়িত্ববোধ জাগানো এবং ভবিষ্যতে অপরাধ থেকে বিরত রাখার এক কার্যকর পন্থা হতে পারে এই পদক্ষেপ। তবে আদালতের এ হেন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি আরও বেশি অপরাধীর মধ্যে সচেতনতা আনবে, অন্য দিকে কেউ কেউ প্রশ্ন তুলছেন এর বাস্তবায়ন ও দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে।
