ইংল্যান্ড সফরে সবক’টি টেস্ট খেলবেন না ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ২০ জুন থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগরকর, আর সেখানেই জানিয়ে দেন এ কথা।
আগরকর জানান, বুমরাহর শরীরের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার জন্য এই পরিকল্পনা। তাঁর কথায়, “বিসিসিআই-এর ফিজিও এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওঁর শরীর পাঁচটা টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। কত গুলো ম্যাচ খেলবে, তিনটে না চারটে তা সিরিজের মধ্যে দেখা যাবে। তবে ও তিনটে ম্যাচ খেললেও আমাদের জন্য জেতানোর মতো যথেষ্ট।”
বুমরাহ বর্তমানে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ৯টা ম্যাচে ১৬টা উইকেট নিয়ে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন। তবে পুরনো পিঠের চোট থেকেই তাঁকে পুরো সিরিজে পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
রোহিত শর্মা অবসর নেওয়ার পর শুভমান গিলকে টেস্ট অধিনায়ক করা হয়েছে, আর সহ-অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্ত। দলে নেই আর এক সিনিয়র পেসার মহম্মদ সামি। আগরকর জানিয়েছেন, শামির ফিটনেস এখনও আন্তর্জাতিক স্তরের উপযোগী নয়। তাই তাঁকে নিয়ে ঝুঁকি না নিয়ে, যারা এখন ফিট তাদের নিয়েই পরিকল্পনা করা হয়েছে।
