ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলার জেরে মস্কোকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বারবার শান্তি ফেরানোর চেষ্টার পরও পুতিনের এমন হামলাকে ‘পাগলামি’ বলে ব্যখ্যা করেছেন ট্রাম্প।এই হিংসার ফেরে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর কথা ‘নিশ্চিতভাবে’ বিবেচনা করছেন বলেও জানিয়েছেন তিনি।
দুদেশের যুদ্ধবন্দী বিনিময়ের মধ্যেই রবিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া।ব্যাপক এই হামলায় ইউক্রেনে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু, যাদের বয়স আট ও বারো বছর, এবং জিতোমির অঞ্চলে এক ১৭ বছর বয়সী কিশোর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে “সমগ্র ইউক্রেনের জন্য একটি কঠিন রাত” বলে অভিহিত করেন। পাশাপাশি যুদ্ধবিরতির জন্য মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি।
রাশিয়ার এই হামলার পর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, “আমার রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার মধ্যে কিছু একটা ঘটেছে। সে একদম পাগল হয়ে গেছে! সে অযথাই অনেক মানুষ হত্যা করছে, এবং আমি শুধু সৈন্যদের কথা বলছি না। ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে, কোনও কারণ ছাড়াই।”
তিনি জানান, “আমি সবসময় বলেছি, শুধু একটি অংশ নয়, সে ইউক্রেনের পুরোটা চায়, এবং সম্ভবত সেটাই সঠিক প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি সে তা করে, তাহলে তা রাশিয়ার পতন ডেকে আনবে!”
এর আগে ট্রাম্প অতীতে প্রশংসা করলেও গত কয়েক সপ্তাহে কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় মস্কো নিয়ে তার ক্রমবর্ধমান হতাশা লক্ষ্য করা যাচ্ছে।ওয়াশিংটন যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানে উঠার আগে মরিস্টাউন বিমানবন্দরে ট্রাম্প বলেন, “পুতিন যা করছে, তা নিয়ে আমি খুশি নই। সে অনেক মানুষ মারছে, এবং আমি জানি না তার কী হয়েছে। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, সবসময় তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু সে এখন শহরগুলোতে রকেট ছুড়ছে এবং মানুষ হত্যা করছে, আমি এটা মোটেও পছন্দ করি না।” আর এখানেই না থেমে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর কথা ‘নিশ্চিতভাবে’ ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন।
তবে শুধু পুতিন নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আক্রমণ করেছেন ট্রাম্প।জেলেনস্কি যেভাবে কথা বলেন তাতে মার্কিন প্রেসিডেন্ট মোটেও খুশি নন। ট্রাম্পের অভিযোগ, “তার মুখ দিয়ে যা বের হয়, তা সবসময় সমস্যা সৃষ্টি করে, আমি এটা পছন্দ করি না, এবং এটা বন্ধ হওয়া উচিত।”
তবে তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকলে এই যুদ্ধ শুরুই হত না বলে দাবি করেছেন ট্রাম্প। তার অভিযোগ এটি জেলেনস্কি, পুতিন এবং বাইডেনের যুদ্ধ, ‘ট্রাম্পের নয়’। তাঁর বার্তা আমি শুধু সেই আগুন নেভানোর চেষ্টা করছি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
