পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এক ‘হাইভোল্টেজ’ নৈশভোজে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে একটি সামরিক অভিযানের ছবি উপহার হিসেবে তুলে দিলেন। বুক ফুলিয়ে দাবি করলেন, এটি ভারতের বিরুদ্ধে সফল অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর সময় তোলা। কিন্তু একটু পরেই জানা গেল, ছবিটি আদৌ পাকিস্তানেরই নয়! ২০১৯ সালের চিনা সেনাবাহিনীর সামরিক মহড়ার একটি ছবি। এতে দেখা যাচ্ছে, ‘পিএইচএল-০৩’ নামে চিনের মাল্টিপল রকেট লঞ্চার। এই ছবি বহু বার ইন্টারনেটে ব্যবহৃত হয়েছে এবং চিনা ফটোগ্রাফার হুয়াং হাই ছবিটি তোলেন।
এই ছবি যখন উপহার হিসেবে তুলে দেওয়া হয়, তখন উপস্থিত ছিলেন পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব। গোটা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিরুদ্ধে তথাকথিত জয় সেলেব্রেট করা। কিন্তু যখন এই ছবির আসল উৎস প্রকাশ্যে আসে, তখনই শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘ওদের এখনও গুগল ইমেজ সার্চ করার ধারণাটাই তৈরি হয়নি।’ আর একজন লেখেন, ‘ভারত প্রমাণ-সহ দেখিয়েছে অপারেশন সিঁদুরে কী ভাবে আঘাত হেনেছে। আর পাকিস্তান চিনের পুরনো ছবি দেখিয়ে যুদ্ধজয় দাবি করছে! এটা কী রাজনীতি – মিথ্যে, প্রতারণা, না বিভ্রান্তি?’
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে পাকিস্তানের একাধিক এয়ারবেস চুরমার হয়ে গেছে। তার ভিডিও এবং ছবি আন্তর্জাতিক মহলেও প্রকাশ করা হয়েছে। অথচ পাকিস্তান নিজেদের সামরিক সাফল্য প্রমাণে মিথ্যা ছবি দেখিয়ে আরও একবার নিজেদের হাস্যকর করে তুলল।
