বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এরপরেই ওই কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। কালীগঞ্জ কেন্দ্রের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা তিনি।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ জুন কালীগঞ্জে উপ নির্বাচন হবে। আর এই দিন ঘোষণার কার্যত ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা শাসকদল তৃণমূলের। আলিফার নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস স্থানীয় তৃণমূল কর্মীদের। তৃণমূল সূত্রে খবর, আলিফা দীর্ঘ সময় ধরেই দলের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। একাধিক কর্মসূচিতেও দেখা গিয়েছে প্রয়াত বিধায়কের কন্যাকে। এমনকী জেলা পরিষদের সদস্যও ছিলেন। ৩৮ বছরের আলিফার উপরেই ভরসা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি কিংবা কোনও বিরোধী দলই অবশ্যই এখনও কালীগঞ্জ বিধানসভার জন্য প্রার্থী ঘোষণা করতে পারেনি। উল্লেখ্য, নাসিরউদ্দিন আহমেদ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন। শাসকদল তৃণমূলের হয়ে ২০১১ সাল থেকে বিধায়ক ছিলেন। যদিও ২০১৬ সালে ওই কেন্দ্র থেকে পরাজিত হন নাসিরউদ্দিন আহমেদ।
কিন্তু ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দল ফের তাঁর উপরেই ভরসা রাখে। শাসকদলের টিকিটে জয় পেয়ে বিধায়ক হয়েছিলেন। বলে রাখা প্রয়োজন, বঙ্গ বিধানসভা ভোটের আগে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের কাছেই কার্যত শক্তি পরীক্ষা। অন্যদিকে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে করানোটাও বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে।
জানা গিয়েছে, ১৮ থেকে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কেন্দ্রে। শান্তিপূর্ণ ভোট করাতেই এই প্রস্তুতি। যা খবর, তাতে আগামী সপ্তাহেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। এছাড়াও ওয়েবকাস্টিং সহ একাধিক ব্যবস্থা থাকবে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।
