বড় ছেলে তেজপ্রতাপকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন চারিত্রিক স্খলনের অভিযোগে। এই আবহেই আবার দাদু হলেন লালুপ্রসাদ যাদব। পুত্র সন্তানের বাবা হলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালুপুত্র তেজস্বী যাদব। ২৭ মে, মঙ্গলবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখবর দিলেন তিনি। নিজের পোস্টে লেখেন, “শুভ সকাল! অপেক্ষার অবসান! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের ছোট্ট পুত্রের আগমন হয়েছে। কৃতজ্ঞতা, আশীর্বাদ আর খুশিতে ভরপুর আমরা। জয় হনুমান!”
তেজস্বী-রাজশ্রীর এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে তাঁদের ঘরে এসেছিল এক কন্যাসন্তান, নাম ‘কাত্যায়নী’। এ বার তাঁদের পরিবারে এল নতুন অতিথি এক ফুটফুটে পুত্রসন্তান। জানা গেছে, কলকাতার এক নামী হাসপাতালে জন্ম হয়েছে নবজাতকের। পুত্রের জন্মের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন আরজেডি সুপ্রিমো তথা তেজস্বীর পিতা লালু প্রসাদ নিজেও। পরিবারের এমন খুশির মুহূর্তে ছেলের পাশে দাঁড়িয়ে আনন্দে আপ্লুত লালুপ্রসাদ যাদব।
তেজস্বী যাদব ও রাজশ্রীর প্রেম কাহিনী সিনেমার থেকে কম কিছু নয়। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। দিল্লির ডিপিএস আরকে পুরমে তেজস্বীর সহপাঠী ছিলেন রাজশ্রী! তাঁর পূর্বনাম ছিল র্যাচেল কোদিনহো, হরিয়ানার রেওয়ারির বাসিন্দা তিনি। পরে নাম পরিবর্তন করে হন রাজশ্রী যাদব। তেজস্বী আর রাজশ্রীর আন্তঃধর্ম বিবাহ এক সময় রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
লালু প্রসাদের পরিবারে খুশির মুহূর্তের মধ্যেও বিতর্কের ছায়া ফেলছে বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে নিয়ে পারিবারিক বিতর্ক। সম্প্রতি দল ও পরিবার থেকে তাঁকে বহিষ্কার করেছেন লালু। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ১২ বছরের সম্পর্কে শিলমোহর দিতে গিয়ে বেকায়দায় পড়েন তেজ প্রতাপ। পরে অবশ্য অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পাশাপাশি ছবিটিকে ভুও বলে দাবি করেছিলেন তিনি। অন্যদিকে তেজ প্রতাপের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী ঐশ্বর্য রাইয়ের ডিভোর্সের মামলা চলছে। সব মিলিয়ে রাজনৈতিক আর পারিবারিক টানাপড়েনের মাঝে, লালু প্রসাদের পরিবারে নতুন অতিথির আগমন।
মঙ্গলবার সকালে ওই বেসরকারি হাসপাতালে সদ্যজাতকে দেখতে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সকলের সঙ্গে দেখা হয়েছে। তেজস্বী-রাজশ্রীর সন্তানকে শান্তির প্রতীক বলে উল্লেখ করেন মমতা। গত ৯ মাস ধরে রাজশ্রী কলকাতাতেই রয়েছেন। নিয়মিত তাঁর খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী। তেজস্বী জানান, সোমবার সন্ধ্যায় তিনি ‘দিদি’কে ফোন করে খবর দেন যে মঙ্গলবার তাঁর স্ত্রীর ডেলিভারি।
