প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সাবধান করে দিয়েছেন। কিন্তু ‘অপারেশান সিঁদুর’-এর আবহে পাকিস্তানের সঙ্গে ভারতের মুসলিম ধর্মাবলম্বীদের মিলিয়ে দিয়ে কুৎসিত সাম্প্রদায়িক আক্রমণ যেন থামাতেই পারছেন না বিজেপি নেতারা! মধ্যপ্রদেশের পর এবার ঘটনাস্থল কর্ণাটক। বিজেপির বিধান পরিষদের সদস্য এন রবিকুমার কর্ণাটকের কালবুরগিতে এক আইএএস আধিকারিককে নিয়ে কুৎসিত ইঙ্গিত করলেন। প্রশ্ন তুললেন, ওই মহিলা আইএএস আধিকারিক কি পাকিস্তান থেকে এসেছেন?
কর্ণাটক বিধান পরিষদের বিরোধী দলনেতা সি নারায়ণস্বামীর ‘অপমান’-এর প্রতিবাদে বিজেপি এই প্রতিবাদে বিক্ষোভ করে। কিছু দিন আগে চিত্তাপুরে একটি সরকারি অতিথিশালায় নারায়ণস্বামীকে ঘেরাও করেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, তিনি কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গেকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। সেখানেই বিজেপি নেতা রবিকুমার ওই বিতর্কিত মন্তব্য করেন। রবিকুমার বলেন, “আমি জানি না কালবুরগির এই ডেপুটি কমিশনার পাকিস্তান থেকে এসেছেন, না ভারতের আইএএস অফিসার। আপনাদের হাততালিতে মনে হচ্ছে উনি যেন সত্যিই পাকিস্তান থেকে এসেছেন।”
কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পুত্র। তিনি বিজেপি নেতার ওই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “একজন সরকারি আধিকারিককে নিয়ে এমন বিদ্বেষমূলক কথা অত্যন্ত লজ্জার বিষয়। এটা প্রমাণ করে বিজেপি নেতাদের মানসিকতা কতটা সংকীর্ণ।”
কালবুরগির বাসিন্দা দত্তাত্রেয় স্থানীয় থানায় রবিকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে জাতীয় সংহতি পরিপন্থী মন্তব্য, সরকারি কর্মচারীর প্রতি হুমকি এবং তফসিলি জাতি ও উপজাতিদের প্রতি ঘৃণাপূর্ণ আচরণের আইন অনুযায়ী এফআইআর দায়ের হয়েছে।
এই ঘটনার পর, রাজ্যের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি নেতা যদিও পরে এই মন্তব্যকে আবেগের বশবর্তী বলে ব্যাখ্যা করেছেন, তবে বিরোধীরা তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
