মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব থাকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বারবার বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় হতাশা প্রকাশ করল বিএনপি। মঙ্গলবার দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশা ব্যক্ত করা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে খালেদা জিয়ার দল।পাশাপাশি এমনটা না হলে বিএনপির পক্ষে এই সরকারের সহযোগিতা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি।
এদিন সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘গত ২৪ মে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। একইদিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।পরে আমরা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি।’
খন্দকার মোশাররফ জানান যে তাঁরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছেন। তার দাবি যেহেতু, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে।
তবে খালেদা জিয়ার দল বারবার দ্রুত নির্বাচন চাইলেও তার কোনও যুক্তি থাকতে পারে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি।এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মতে দ্রুত নির্বাচন হবে অথচ তা স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান–পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে।
ইউনূস প্রশাসনের পাশে দাড়িয়ে সারজিস আলম বলেন যে নির্বাচন স্বচ্ছ-সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে যখন উপযুক্ত সময় হবে তখনই তা হোক। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তা হবে ।
তবে খালেদা জিয়ার দল ছাড়াও এবছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ভোটের দাবি তুলেছে বাম গণতান্ত্রিক জোট। ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দাবি তুলেছে এই জোট। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার শুধু একটি বিশেষ দল ও গোষ্ঠীর প্রতি সহায়তা করায় সংকট তৈরি হয়েছে। এই ইঙ্গিত জাতীয় নাগরিক পার্টির দিকেই করা হয়েছে বলে মনে করছে অনেকে।
Leave a comment
Leave a comment
