পাঞ্জাবের ফিরোজপুর জেলার তাড়া ওয়ালি গ্রামের ১০ বছর বয়সি শ্রবণ সিংহ ‘ অপারেশন সিঁদুর’ চলাকালীন সেনা জওয়ানদের জল, দুধ, লস্যি আর বরফ দিয়ে সাহায্য করেছিল। এই সাহসিকতার জন্য ২৭ মে, ২০২৫-এ ভারতীয় সেনার তরফ থেকে তাকে সম্মান জানানো হয়।
ভারত-পাকিস্তান সীমান্তে চলা ‘অপারেশন সিঁদুর’ সময় পাঞ্জাবের তাড়া ওয়ালি গ্রামের ছোটো ছেলে শ্রবণ সিংহ নিজের সাহস ও নিষ্ঠার মাধ্যমে সকলের নজর কেড়েছে। মাত্র ১০ বছর বয়সেই সে দিনের পর দিন সেনা জওয়ানদের জল, দুধ, লস্যি আর বরফ পৌঁছে দিয়েছে তীব্র গরমের মধ্যেও।
এই কাজের জন্য ভারতীয় সেনা ৭ম ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং মেজর জেনারেল রণজিৎ সিংহ মানরালের হাত দিয়ে তাকে সম্মানিত করে। সেনার তরফে তাকে দেওয়া হয় একটি স্মারক, একটি বিশেষ খাবার আর তার প্রিয় আইসক্রিম। শ্রবণ খুশি হয়ে জানায়, আমি ভয় পাইনি। আমি বড় হয়ে সেনা হতে চাই।
তার বাবা সোনা সিংহ বলেন, আমাদের খেতেই সেনারা ক্যাম্প করেছিল। প্রথম দিন থেকেই শ্রবণ ওদের জল আর দুধ দিতে শুরু করে। একটাও দিন বাদ দেয়নি। আমরা ওর পাশে ছিলাম, ওও সেনাদের পাশে ছিল।
‘অপারেশন সিঁদুর ‘ এর ইতিহাসে বড় বড় কৌশল ও সেনাপতিরা যেমন স্মরণীয় থাকবে, তেমনি ছোট্ট শ্রবণের এই নিঃস্বার্থ সেবা দেশের প্রতিটি হৃদয়ে অনুরণিত হবে। সেনার জন্য অস্ত্র ছাড়াও ভালোবাসা আর সাহস যে কতটা বড়ো ভূমিকা নিতে পারে, শ্রবণ সেই প্রমাণ।
