ইউটিউবার মোহক মঙ্গলের বিরুদ্ধে মানহানির মামলা সংবাদ সংস্থা ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল’ বা এএনআই। দিল্লি হাইকোর্টে আইনজীবী অক্ষিত মাগো এএনআই-এর তরফে মামলা দায়ের করেছেন। ২৯ মে শুনানি হতে পারে। মামলায় শুধু মোহক মঙ্গল নয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করার জন্য কুণাল কামরা ও অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকেও অভিযুক্ত করা হয়েছে।
গত ২৫ মে একটি ইউটিউব ভিডিয়োয় সংবাদ সংস্থা এএনআই-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন ইউটিউবার মোহক। তাঁর অভিযোগ, এএনআই তাঁর ভিডিয়োগুলিতে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত নিউজ ক্লিপের কারণে কপিরাইট স্ট্রাইক করে। শুধু তাই নয়, এএনআই-র এক প্রতিনিধি তাঁকে ফোন করে কপিরাইট সংক্রান্ত সমস্যা মেটাতে প্রায় ৪০ লক্ষ টাকা দাবি করেন। মঙ্গলের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বহু বিশিষ্ট ব্যক্তি সেই ভিডিয়োটি শেয়ার করেন। তার মধ্যে উল্লেখযোগ্য কুণাল কামরা এবং মহম্মদ জুবের।
আদালতের কাছে এএনআই দাবি জানিয়েছে, ভিডিয়োটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বানানো হয়েছে। মামলার নথিতে এএনআই জানিয়েছে, মঙ্গল নিজেই স্বীকার করেছেন যে তিনি এএনআই-এর মূল কনটেন্ট ব্যবহার করেছেন ও তা থেকে আয়ও করেছেন। তা সত্ত্বেও তিনি একটি এমন ভিডিয়ো প্রকাশ করেছেন যা সংস্থার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিয়েছে জনসাধারণের মধ্যে। এতে শুধু যে তাদের সুনাম নষ্ট হয়েছে তা নয়, পাশাপাশি তাদের রেজিস্টার্ড ট্রেডমার্ককেও অবমাননা করা হয়েছে।
এএনআইর আরও অভিযোগ, কুনাল কামরা ও মোহাম্মদ যুবায়ের শুধু বিতর্কিত ভিডিয়োটি শেয়ার করেই থেমে থাকেননি, বরং নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আরও বেশ কিছু মন্তব্য করেছেন। তাঁদের এই কাজ সংস্থার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং অপমানজনক। সংস্থার দাবি, এইসব মন্তব্যের কোনও আইনি বা বাস্তবিক ভিত্তি নেই এবং এসব স্পষ্টভাবে এএনআইর-র ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। এই পরিস্থিতিতে এএনআই আদালতের কাছে অনুরোধ জানিয়েছে, যেন আদালত মঙ্গলকে নির্দেশ দেয় ভিডিয়োটি সরিয়ে ফেলতে, এএনআই-র ট্রেডমার্ক ব্যবহার বন্ধ করতে এবং ভবিষ্যতে কোনও প্রকার মানহানিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ যাতে না হয়, সে দিকে লক্ষ্য রাখতে। একই সঙ্গে কুণাল কামরা, জুবের ও অন্যান্যদের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছে। যাতে তাঁরা সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্য বা ভিডিয়ো আর শেয়ার করতে না পারেন।
