আইপিএল মানেই উত্তেজনা! তাতে যদি মিশে যায় ভারতীয় মেজাজ ও হিউমার, তা হলে তো কোনও কথাই নেই! সেই উন্মাদনা পৌঁছে যায় একেবারে তুঙ্গে। তেমনই এক ঘটনার সাক্ষী রইল চণ্ডীগড়ের মহারাজা যদুবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় উঠে এল এক মহিলার হাতে ধরা একটি ব্যানার! কি এমন রয়েছে সেই ব্যানারে?
লাল শাড়ি পরে গ্যালারিতে দাঁড়িয়ে থাকা ওই মহিলা হাতে ধরেছিলেন এক উজ্জ্বল হলুদ রঙের প্ল্যাকার্ড। তাতে যা লেখা আছে তা দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়! ‘আরসিবি যদি ফাইনাল না জেতে, তাহলে আমি আমার স্বামীকে তালাক দেব!’ সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি ‘চিরাইয়া_হো’ এবং ‘হ্যাশট্যাগ #কিংকোহলি’।
এমন প্ল্যাকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। ফেসবুক, টুইটার থেকে ইনস্টাগ্রাম, হাসির রোল পড়ে যায় সর্বত্র। এক নেটিজেন মজার ছলে লেখেন, “আরসিবি জিতুক বা হারুক, এই দম্পতির ডিভোর্স হওয়াই উচিত!” আবার কেউ লেখেন, “এই রকম সাপোর্টার থাকলে ফাইনাল না জিতলেও মাফ আছে!”
কোহলির আরসিবি এই নিয়ে চতুর্থ বার আইপিএলের ফাইনালে উঠল। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনালে পৌঁছেছিল বিরাটের দল। চেন্নাই সুপার কিংস ১০ বার ও মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার করে ফাইনালে পৌঁছেছে। ঠিক তার পরেই সবচেয়ে বেশি বার ফাইনাল খেলা দল হল আরসিবি। ২০১১ সাল থেকে প্লে-অফ পদ্ধতি চালু হওয়ার পর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা প্রতিটি দলই শেষমেশ ফাইনালে পৌঁছেছে এ বারেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’। তবে, এরই মাঝে ভারতীয়দের ক্রিকেটপ্রেম কতটা গভীর আর তাতে যদি একটু নাটকীয়তা মিশে যায়, তা নজর কেড়ে নেয় নেট দুনিয়ার। তারই ফল, এই ভাইরাল ‘তালাক’ ব্যানার।
