সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর গত দুটি নির্বাচনের ধারা মেনেই এবারও বামেদের সমর্থন নিয়ে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের লড়াই করবে জাতীয় কংগ্রেস। কালীগঞ্জের উপ-নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ। শুক্রবার রাতে কাবিলউদ্দিনকে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করে এআইসিসি। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা সাধারণ নির্বাচনে বামেদের সমর্থন নিয়ে কালীগঞ্জ কেন্দ্রে ভোটের লড়াই করেছিল কংগ্রেস। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে। প্রাথমিকভাবে আরএসপি কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও শুক্রবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বামফ্রন্টের পক্ষ থেকে কোন প্রার্থী দেওয়া হবে না বরং কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করবে বামেরা। উল্লেখযোগ্য এর আগে একাধিক উপনির্বাচনে বাম ও কংগ্রেসের আসন সমঝোতা হয়নি। তবে ২৬ এর নির্বাচনকে মাথায় রেখে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম কংগ্রেস এই সমঝোতা করা হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে এবং তার হাতে দলীয় ঘাসফুলের প্রতীক তুলে দেওয়া হয়েছে। শাসকদলের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই এগিয়ে থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন আলিফা। প্রয়াতু বাবার অপূর্ণ কাজ পূর্ণ করতে চান এই আবেদন নিয়েই কালীগঞ্জের মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন আলিফা আহমেদ। অবশ্য রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এখনো কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
