আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যদি সামরিক সংঘর্ষ হয়, তবে আমেরিকা কোনও বাণিজ্য চুক্তি করবে না।
শুক্রবার (৩০ মে) রাতে আমেরিকার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান থেকে প্রতিনিধিরা আগামী সপ্তাহে আমেরিকায় আসছেন বাণিজ্য আলোচনার জন্য। অন্যদিকে, ভারত-আমেরিকার মধ্যে একটি সীমিত বাণিজ্য চুক্তি হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানান তিনি।
তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন, “যদি ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে, আমি কোনও দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি করব না।” তাঁর এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন পহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার পর ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর জেরে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে।
সাম্প্রতিক কালে দুই দেশের মধ্যে মিসাইল, ড্রোন ও ফাইটার জেট দিয়ে সামরিক সংঘর্ষ হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে।
এদিকে, পাকিস্তান চাইছে আমেরিকার চাপানো নতুন ২৯ শতাংশ ট্যারিফ যেন তাদের উপর না পড়ে। কারণ, পাকিস্তানের সঙ্গে আমেরিকার বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৩ বিলিয়ন ডলার।
অন্যদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি আমেরিকা সফর করেছেন। ভারতীয় বিদেশসচিব বিক্রম মিশ্রির সঙ্গে মার্কিন উপপররাষ্ট্র সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পরে ল্যান্ডাউ জানান, ভারত-আমেরিকা সম্পর্ক এখন ‘ঐতিহাসিক শিখরে’ পৌঁছেছে।
আলোচনায় উঠে এসেছে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, মাদক পাচার প্রতিরোধ, এবং ‘রিসিপ্রোকাল ট্রেড’-এর প্রসঙ্গও। আশা করা হচ্ছে, জুলাইয়ের শুরুতেই ভারত ও আমেরিকার মধ্যে সীমিত একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।
এই মুহূর্তে ভারতীয় পণ্য আমেরিকায় রপ্তানি করতে ২৬ শতাংশ ট্যারিফ দিতে হচ্ছে, যা এই চুক্তির মাধ্যমে কমতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
