বীরভূমে আবারও শিরোনামে এক ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা। বোলপুর থানার আইসি-কে ফোনে গালাগাল ও হুমকির পর, যখন গোটা রাজ্য থমকে শুনছে ‘বল বল বল…’ অডিয়ো ক্লিপ, তখন অভিযুক্ত নেতা বলছেন “আমার কণ্ঠস্বর নয়!” অথচ দিন না ঘুরতেই ভিডিয়োবার্তায় নিঃশর্ত ক্ষমা চেয়ে স্বীকার করছেন, রাগের মাথায় মুখ ফসকে গিয়েছিল! তবে প্রশ্ন উঠছে, রাগ কি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আইন-শৃঙ্খলার সীমানা ভেঙে পড়ে?
পুলিশ প্রথমে ডেকেছিল শনিবার সকাল ১১টায় বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে। কিন্তু ‘অসুস্থতা’র ছুতোয় তিনি আসেননি। বরং পাঠান সাত আইনজীবীকে। তার পরেই দ্বিতীয়বারের নোটিস। বলা হয়, রবিবার সকাল ১১টার মধ্যে আসতেই হবে সশরীরে। পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ১৩২, ২২৪ ও ৩৫১ ধারায় মামলা রুজু হয়েছে।
বিজেপি ইতিমধ্যেই তৎপর। সাঁইথিয়া থেকে রামপুরহাট! নানা থানায় এফআইআর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলছে। বিরোধী নেতারা বলছেন, আইন যেন নিরপেক্ষ নয়। কটাক্ষও উঠেছে, ‘ওঁকে কিছু হবে না, বরং আইসি-ই বরখাস্ত হবেন!’
তবে মানুষ বলছে অন্য কথা। যে নেতার ‘ডায়ালগ’ একদিন ছিল গর্বের, আজ তা হয়ে দাঁড়িয়েছে শঙ্কার। দলেরও মুখ লুকোতে হচ্ছে। এবার যেন ‘কেষ্ট-সন্ধানে’ পুলিশ নয়, বরং আইন চাইছে তার নিজের মর্যাদা ফেরাতে।
যে রাজনৈতিক চরিত্র একসময় শাসকের ভরসা ছিলেন, আজ তিনিই তদন্তের মুখোমুখি।
