আর কোনও মনোনীত নেতৃত্বের হাতে ক্ষমতা নয়, অতি দ্রুত নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।বারবার দ্রুত নির্বাচনের কথা বলেও কাজ না হওয়ায় এবার জোরালো কর্মসূচীতে নামার সিদ্ধান্ত নিল খালেদা জিয়ার দল বিএনপি। দল হিসেবে তারা চায় এই ডিসেম্বরেই নির্বাচন। নির্বাচনের সময়সীমা নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব থাকা অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাবের পরিবর্তন না হলে জুলাইয়ে বিভিন্ন কর্মসূচিতে নামবে বিএনপি। এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম আলো সংবাদমাধ্যম।
শেখ হাসিনা জামানার পরবর্তী বাংলাদেশে নির্বাচন কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন।যদিও ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই এই নিয়ে সুর ছড়িয়েছে খালেদা জিয়ার দল। তারেক রহমান সহ বিএনপির বিভিন্ন নেতা যখন দ্রুত এবং আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি তুলছেন তখন জাপান সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর নির্ধারিত নির্দিষ্ট সময়েই নির্বাচনের কথা বলেছেন।পাশাপাশি তাঁর অভিযোগ অন্য কোনও দল নয় কেবলমাত্র একটি দলই বারবার আগাম বা ডিসেম্বরে নির্বাচনের দাবি জানাচ্ছে।যদিও ইউনূসের অভিযোগ খন্ডন করে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
এমন পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তা পুনর্বিবেচনা করতে বিএনপি এক মাস সময় দেবে সরকারকে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী যদি এর মধ্যে সরকারের তরফে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে, তাহলে জুলাইয়ে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি।এবং সেটা নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের দিকে যাবে।
এদিকে বিএনপি যখন সরকারকে সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছে ঠিক তখনই বাংলাদেশে অন্তত ৫০টির বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায় বলে জানিয়েছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তাবি করে তারা। সময় নিউজের প্রতিবেদন অনুসারে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়।
