মহিলার কাটা মাথা হাতে প্রকাশ্যে হেঁটে চলেছে এক যুবক! অন্য হাতে রক্তাক্ত ধারাল অস্ত্র। শনিবার সকালে একেবারে হাড়হিম করা ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায়। প্রকাশ্যে দিনের আলোয় ভয়াবহ এই ঘটনা দেখে একেবারে স্থম্ভিত হয়ে যান স্থানীয় মানুষজন। ইতিমধ্যে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম বিমল মণ্ডল।
কী কারণে নৃশংস এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। দফায় দফায় ধৃত যুবককে জেরা করা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা হতে পারে। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিহত ওই মহিলার নাম সতী মণ্ডল। বাসন্তীর ভরতগড এলাকারই বাসিন্দা। সম্পর্কে সতী ধৃত বিমল মণ্ডলের বৌদি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু সময় ধরেই বৌদি এবং দেওরের মধ্যে বিবাদ চলছিল। সম্প্রতি তা চরম আকার নেয়। এমনকী আজ শনিবার সকালেও তাঁদের মধ্যে ব্যাপক অশান্তি হয় বলে দাবি স্থানীয়দের। স্থানীয় একটি মাঠের মধ্যে দুজনকে অশান্তি করতে এলাকার মানুষজন দেখে বলেও দাবি।
অভিযোগ, হঠাৎ সতী মণ্ডলের উপর হামলা চালায় বিমল। একবারে ধড় থেকে আলাদা হয়ে যায় মাথা। রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সতী। আর এরপরেই একহাতে কাঁটা মুণ্ডু অন্য হাতে ধারালো অস্ত্র হাতে প্রকাশ্য রাস্তায় হেঁটে থানায় বিমল পৌঁছে যায় বলে দাবি। ভয়াবহ সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা একেবারে শিউরে ওঠার মতো।
