পরিবার, কেরিয়ার সামলে ফিটনেস নিয়েও খুব সচেতন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। তাঁর সৌন্দর্য ও ফিটনেসের জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি। বয়স যখন ৪৪, তখনও তিনি যে ভাবে নিজেকে ফিট ও ফ্রেশ রাখছেন, তা বর্তমানে অনেক মহিলার জন্যই অনুপ্রেরণা। সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্য সচেতন রুটিন ও লাইফস্টাইল সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন করিনা। সব কিছুই ব্যালেন্স করে চলা এই করিনা কাপুরের জীবনযাপন কেমন জানেন?
করিনা বলেন, “আমি সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে নিই। ৯টা-সাড়ে ৯টার মধ্যে লাইট অফ। আর ভরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে এক ঘণ্টা ওয়ার্কআউট।” তাঁর নিজের কথায়, প্রায় সন্ন্যাসীর মতো জীবনধারা! করিনা জানান, করোনা মহামারির পরে তিনি বুঝেছেন শরীরচর্চা শুধু সৌন্দর্যের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও খুবই জরুরি। “ওয়ার্কআউট না করলে সারাদিন আমার মনখারাপ থাকে। এটা আমার মুড স্ট্যাবিলাইজার, আমার ভরসা,” বলছেন সইফপত্নী।
সোশ্যাল লাইফে একটু কড়াকড়ি থাকলেও, বন্ধুরা তাঁর এই নিয়মের প্রতি সম্মান দেখান। করিনা হেসে বলেন, “আমার বন্ধুরা জানে, আমাকে পার্টিতে খুঁজে পাবে না। তাঁরা জানে আমি তখন কম ভলিউমে ‘শিট্স ক্রিক’ দেখছি!” করিনা আরও জানান, তাঁদের পরিবারে রান্নাঘর মানেই উৎসবক্ষেত্র।”আমরা সবাই মিলে রান্না করতে ভালোবাসি। সইফ, বাচ্চারা, আমি— সবাই একসাথে। সইফ তো কেরলের খাবারের জন্য পাগল! নতুন নতুন রেসিপি ট্রাই করতেই থাকে … ইডিয়াপ্পাম, নারকেল বেসড স্ট্যু, কত কী!”
তবে নিজের খাওয়া নিয়েও একটিই নিয়ম রেখেছেন করিনা, দিনে অন্তত একটি সম্পূর্ণ ভারতীয় খাবার চাই-ই চাই। বেবোর কথায়, “একবেলা খাঁটি দেশি খাবার না হলে আমার চলে না। এটা একদম নন-নেগোশিয়েবল!” কাজের দিক থেকেও ব্যস্ত করিনা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘সিংঘম এগেইন’ সিনেমায়। বর্তমানে তিনি পরিচালক মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। মালয়ালম সুপারস্টার ও পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন রয়েছেন এই ছবিতে।
