আগামী ২১ জুলাই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঘোষণা করলেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কিরেন রিজিজু জানান, বাদল অধিবেশনের সময়সীমা নির্ধারণ করেছে ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। এর নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রিজিজু আরও জানান, “বাদল অধিবেশনে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিরোধী দলগুলির দাবি মেনে ‘অপারেশন সিঁদুর’-এর মতো ইস্যুও ধরা হবে আলোচনার জন্য।”
প্রসঙ্গত, সম্প্রতি পহেলগাও হামলার ঘটনার পাল্টা পদক্ষেপ ছিল ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি কার্যত তছনছ করে দেয় ভারতীয় বায়ুসেনা। ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে বিশেষ অধিবেশনের দাবি তুলেছিল বিরোধী রাজনৈতিক শিবির ‘ইন্ডিয়া’। সেই প্রেক্ষিতেই মন্ত্রী রিজিজু জানিয়েছেন, আলাদা করে কোনও বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। বাদল অধিবেশনেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে।
এ বারের বাদল অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল এবং উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ভারতের পদক্ষেপ যেমন বড় ইস্যু। তেমনি আমার বাজেট পরবর্তী প্রথম বড় অধিবেশন হিসেবে এই বর্ষাকালীন অধিবেশন বেশ গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি সিদ্ধান্ত এবং সাম্প্রতিক ঘটনাবলীর উপর বিরোধীদের নজরদারি সহ, প্রতিবাদ আন্দোলনের সম্ভাবনা জোরদার।
