সুদীপ্ত চট্টোপাধ্যায়
অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর।
ভারত-পাকিস্তানের যুদ্ধকালীন আবহে রাজ্য সরকারের জারি করা ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করা হল। ভারত পাক যুদ্ধের আবহে অপারেশন সিঁদুর চালুর ঠিক প্রাক্কালে গত ৭ মে নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়ে দিয়েছিল, কোন রাজ্য সরকারই কর্মচারি জরুরিভিত্তিক বা চিকিৎসা সংক্রান্ত কারণ ব্যতীত ছুটি নিতে পারবে না। সরকারের সমস্ত স্তরের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল। এমনকি স্টেশন লিভ করা যাবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়। তবে কিছুদিন ধরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ছুটি বাতিলের নির্দেশিকা বজায় থাকায় এ নিয়ে কর্মীদের মধ্যে যথেষ্ট গুঞ্জন তৈরি হয়েছিল। কতদিন এই নির্দেশিকা বলবত থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সরকারি কর্মী মহলে। কয়েকদিন আগেই প্রথমে প্রধানমন্ত্রী এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে জানিয়ে যান যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ফলে যুদ্ধকালীন ছুটি বাতিলের এই নির্দেশিকা কতদিন চালু থাকবে তা নিয়ে অনিশ্চয়তা আরও প্রকট হয়েছিল সরকারি কর্মীদের মধ্যে। যদিও এই মুহূর্তে সীমান্ত সন্ত্রাস বা নিয়ন্ত্রণ রেখা বরাবর সেরকম কোন সংঘর্ষ বা যুদ্ধ পরিস্থিতির কোন আভাস মেলেনি। এমনকি কেন্দ্রের তরফেও সে ধরনের কোন ইঙ্গিত জানানো হয়নি। সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে অবশেষে বুধবার বিজ্ঞপ্তি জারি করে যুদ্ধকালীন ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে , এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ সমস্ত ছুটি বা অন্যান্য সুযোগ-সুবিধা তারা নিতে পারবেন।
