ছেলেবেলার বান্ধবী বংশিকার সঙ্গে ভারতীয় জাতীয় দলের স্পিনার কুলদীপ যাদব বাগদান সারলেন। ৪ জুন বুধবার লখনউ শহরে এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের এই বাগদানের অনুষ্ঠান হয়। কুলদীপের হবু স্ত্রী বংশিকা কানপুরের বাসিন্দা, তাঁর বাবা এলআইসিতে কর্মরত।
কুলদীপ আর বংশিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের আরও এক তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং-সহ বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুরা একত্রিত হয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করেন।
এ দিকে, কুলদীপ যাদববের কাঁধে এখন খুবই গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ তিনি। এই সিরিজে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন না থাকায়, কুলদীপের ভূমিকা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ফলে দলের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল এবং সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন ঋষভ পন্থ।
এক নজরে দেখে নেওয়া যাক, ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, রবিশ জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব।
