সুদীপ্ত চট্টোপাধ্যায়
সেমিকন্ডাক্টর শিল্পে এবার অন্যতম গন্তব্য হতে চলেছে কলকাতা। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই বার্তাই দিয়ে গেলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথেরিনা জাইলস দিয়াজ। কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে ভারতে সেমিকন্ডাক্টর শিল্প থাপন নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু ওয়াশিংটন থেকে দুই রাষ্ট্রপ্রধানের যৌথ বক্তব্যে দেশে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির কথা প্রকাশ পায়। এরপর গত ফেব্রুয়ারিতে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায়। সেই বাণিজ্য সম্মেলনে শিল্প আলোচনার একটা অন্যতম অংশ ছিল এই সেমিকন্ডাক্টর। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ই দেশ-বিদেশের বিভিন্ন শিল্প গোষ্ঠীকে এ ব্যাপারে আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প স্থাপনের জন্য জমি তৈরি, প্রস্তুত সরকারি উদ্যোগও। শিল্পপতিদের এগিয়ে আসার অপেক্ষায় রয়েছে কলকাতা বলেও জানান মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে এসে সেই অপেক্ষার অবসানের কথা জানিয়ে গেলেন মার্কিন কনসাল জেনারেল।
মার্কিন সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ বিশ্বের অন্যতম মাইক্রোচিপস নির্মাতা সংস্থা কলকাতা নিউ টাউনে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন কনসাল্ট জেনারেল। বিশ্বের অগ্রগণ্য মাইক্রোচিপস নির্মাতা সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির মাইক্রোচিপস বিশ্বের বিভিন্ন দেশে স্মার্টফোন বা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপসহ নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ও গাড়িতে ব্যবহার করা হয়। ইতিমধ্যেই কলকাতায় এই মাইক্রোচিপ এর ডিজাইন ও টেস্টিং এর কাজ শুরু করতে এই বিশ্বমানের কোম্পানিকে জমি দিয়েছে রাজ্য সরকার। সল্টলেক সেক্টর ফাইভে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ায় ১৩ হাজার স্কয়ার ফিটের জায়গা দেয়া হয়েছে গ্লোবাল ফাউন্ড্রিজকে। আরো ১৯ হাজার স্কয়ার ফিটের জায়গার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে এই বিশ্বমানের কোম্পানি যা দেওয়ার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পাওয়ার ইলেক্ট্রনিক্স ইকোসিস্টেম তৈরির জন্য গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে কথা চলছে সেক্ষেত্রে মূলত স্টার্টআপরা বিশেষ সুবিধা পাবেন। এখানেই শেষ নয় গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টার সহ সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স অন্য উৎপাদন মুখী শিক্ষার বিষয় একটি বিশ্ববিদ্যালয় খুলতে চায় রাজ্য সরকার। যেখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন রাজ্যের শিক্ষার্থীরা। এ ব্যাপারেও বিশ্বমানের কোম্পানিটির সঙ্গে কথা চলছে বলে নবান্নর তরফে জানানো হয়েছে। এই সামগ্রিক বিষয় বাস্তবায়িত করতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার পলিসি তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে গ্লোবাল ফাউন্ড্রিজের পাশাপাশি নিউ জার্সির অপর একটি বিশ্বমানের কোম্পানি স্যানটেক গ্লোবাল ইন কর্পোরেশন সেমিকন্ডাক্টর ন্যানো ইলেকট্রনিক্স সংক্রান্ত উচ্চ প্রযুক্তির সামগ্রী তৈরির জন্য কলকাতায় প্রকল্প তৈরির আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় পরিকাঠামোর কথা জেনে সেই অনুযায়ী পদক্ষেপ করার কাজ এগোচ্ছে রাজ্য সরকার বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই যাবতীয় উদ্যোগগুলিকে কাজে লাগিয়ে রাজ্যে একদিকে যেমন প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি পাবে তেমনি অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট লাভবান হবে রাজ্য। সবচেয়ে বড় কথা রাজ্যের যুবক-যুবতীদের জন্য সুসংহত কর্মসংস্থানের দিগন্ত তৈরি করবে সেমিকন্ডাক্টর সংক্রান্ত এই নয়া উদ্যোগ।
