রাজ্যের পর্যটন দফতরে বড়সড় দুর্নীতির অভিযোগ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সরাসরি নিশানা করলেন ওই দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এ ক্ষেত্রে শুভেন্দুর হাতিয়ার হয়েছে পর্যটন দফতরেই কর্মরত এক প্রোজেক্ট অফিসার শুভব্রত প্রামাণিকের একটি ইমেল। যে ইমেলে তিনি দাবি করছেন, মন্ত্রী এবং তাঁর ওএসডির নির্দেশে দফতরে ব্যাপক দুর্নীতি চলছে। তার ভার বইতে বাধ্য করা হচ্ছে শুভব্রতকে। এই পরিস্থিতিতে মুখ খোলায় তিনি খুন পর্যন্ত হয়ে যেতে পারেন বলে লিখেছেন। এই চিঠি নিয়ে শুভেন্দু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্য সরকারের দিকে। মুখ্যমন্ত্রী সত্যি সৎ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেবেন বলে হুঙ্কার তাঁর।
নিয়োগ দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন নতুন এক দুর্নীতির অভিযোগ করলেন শুভেন্দু। বুধবার নিজের এক্স অ্যাকাউন্টে একটি টুইট করেন তিনি। যেখানে রয়েছে একটি চিঠি। শুভেন্দুকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠির ছত্রে ছত্রে রয়েছে পর্যটন দফতরে দুর্নীতির একাধিক বিস্ফোরক অভিযোগ। সেই চিঠি নিয়েই মমতাকে বিঁধতে শুরু করেছেন শুভেন্দু। এই বিস্ফোরক চিঠির প্রেক্ষিতে শুভেন্দু রাজ্যপালের কাছে দফতরের মন্ত্রী ইন্দ্রনীলকে এখুনি বরখাস্ত করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, হিম্মত থাকলে এর সিবিআই তদন্ত করে দেখাতে।
চিঠিতে পর্যটন দফতরের প্রোজেক্ট অফিসার দাবি করেছেন, দুর্নীতির বলির পাঁঠা তাঁকে বানানো হচ্ছে। সেই ছাপ তিনি সহ্য করতে পারছেন না। তাই বিহিত চেয়ে তিনি শুভেন্দুকে মেল করে সব জানালেন। প্রমাণ হিসেবে ফোন কল রেকর্ডিং তাঁর কাছে আছে বলেও চিঠিতে লিখেছেন শুভব্রত। যদিও এই অভিযোগ নিয়ে সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজভবন থেকেও এ ব্যাপারে কোনও পদক্ষেপের কথা শোনা যায়নি। @~Prantik @Aditya Majumdar
