‘পিকে ২’ নামে কোনো ছবির পরিকল্পনা নেই, জানিয়ে দিলেন বলি তারকা আমির খান। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘পিকে ২’ নামে কোনো ছবির পরিকল্পনা নেই এবং এটি সম্পূর্ণ ভুয়ো খবর। তবে দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে একটি সুপারহিরো অ্যাকশন ছবিতে কাজ করছেন বলে তিনি নিশ্চিত করেন।
আমির খান বলেন, “পিকে ২ নিয়ে যা কিছু শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ গুজব। আমার এমন কোনো ছবি করার কথা নেই।”
তবে তিনি জানান, “লোকেশ এবং আমি একটি বড় বাজেটের অ্যাকশনধর্মী সুপারহিরো ফিল্ম করছি। ছবিটির শ্যুটিং শুরু হবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।” তাঁর কথায়, “এখনই এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়, কারণ ছবিটি শুরু হতে এখনও অনেকটা সময় বাকি।”
এছাড়া আমির খান তার বহু প্রতীক্ষিত ড্রিম প্রজেক্ট নিয়েও কথা বলেন। তিনি বলেন, “মহাভারত গত ২৫ বছর ধরে আমার স্বপ্ন। আমি সবসময়ই চাইছি এই বিষয় নিয়ে কাজ করতে। তবে এই ধরনের কাজ করতে গেলে অনেক প্রস্তুতি দরকার। মহাভারত শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা যজ্ঞের মতো। আমি এখনও সেই পথে হাঁটা শুরু করিনি, তাই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। কে কে অভিনয় করবেন, তাও এখনও ঠিক হয়নি।”
উল্লেখ্য, আমির খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আগামী ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০ জুন।
Leave a comment
Leave a comment
