সংক্রমণের গ্রাফ ক্রমশ উঠছে! ক্রমশ বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শুক্রবারই দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট। মৃত্যু হয়েছে চার জনের। মৃতদের মধ্যে দুজন কেরল এবং পাঞ্জাব এবং কর্নাটকের একজন করে আছে বলে জানা যাচ্ছে। দেশের করোনা সংক্রমণের উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক।
করোনা সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্যকে কার্যত পিছনে ফেলে দিয়েছে কেরল। হু হু করে সেখানে সংক্রমণ বাড়ছে। তথ্য বলছে, একদিনে সে রাজ্যে ১৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় রাজ্য হিসেবে উপরে উঠে এসেছে গুজরাত। ২৪ ঘণ্টায় ১০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। বাংলা রয়েছে তৃতীয় নম্বরে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন।
গত কয়েক সপ্তাহ জুড়ে দিল্লিতে সংক্রমণ বাড়লেও পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যে দেশ জুড়ে বিশেষ মকড্রিল করা হয়েছে। যেখানে হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ, ভেন্টিলেটর সহ সমস্ত সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি করোনার ভ্যাকসিনের উপরেও জোর দেওয়া হচ্ছে। আর তা খতিয়ে দেখতে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপসর্গ মৃদু। ফলে বাড়িতে রেখেই চিকিৎসা করা সম্ভব। কিছু কিছু সময় সংক্রমণ বাড়তে পারে। এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই বলেই দাবি বিশেষজ্ঞদের। করোনার পরীক্ষার উপরেও সমস্ত রাজ্যকে জোর দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক।
অন্যদিকে বাংলার পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন আগেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বাংলা প্রস্তুত আছে। করোনা নিয়ে এখনই চিন্তার কিছু নেই।
