তাঁর বাগানে আছে ৩০০ জাতের আম! কী নেই সেখানে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতের আম ফলিয়ে আসছেন পদ্মশ্রী কৃষক কলিমুল্লাহ খান। লখনউ’য়ের মালিহাবাদের বাসিন্দা তিনি। বাগানে বিভিন্ন ধরনের আম ফলিয়ে থাকেন। যা অবাক করার মতো। এবার ‘রাজনাথ আম’ তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন উত্তরপ্রদেশের এই কৃষক। চমকে উঠলেন তো! ভাবছেন ‘রাজনাথ আম’ ব্যাপারটা কী?
‘কলম’ পদ্ধতিতে বিভিন্ন জাতের আম তৈরি করে থাকেন কলিমুল্লাহ খান। আর সেই সমস্ত আমের নাম কখনও রাজনীতিবিদদের নামে রাখেন আবার কখনও অভিনেতা-অভিনেত্রীদের নামে রাখেন। এমনই অন্তত ৩০০ জাতের আম রয়েছে কলিমুল্লাহের বাগানে। যেগুলির কোনওটির নাম নরেন্দ্র মোদী, অমিত শাহ আবার কোনওটির নাম ঐশ্বর্য রায়, সচিন তেন্ডুলকার। সম্প্রতি কলম পদ্ধতিতে নতুন একটি জাতের আম তৈরি করেছেন এই কৃষক। আর সেই আমের নাম প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নামে রাখা হয়েছে।
কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর নামে আমের নাম রাখার কারণ কী? সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কলিমুল্লাহ খান জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নামকরণ করেছেন। তাঁর কথায়, পহেলগাঁও হামলার বদলা নিতে যেভাবে সেনাবাহিনী এই অভিযান চালিয়েছে তাতে গোটা দেশ গর্বিত। আর এই অভিযানে দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে রাজনাথ সিংয়ের অবদান অনেক। কার্যত সম্মান জানাতেই নয়া জাতের আমের নাম তাঁর নামে রাখা বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের এই কৃষক।
