ডিউটির সময় শেষ! বেঁকে বসলেন পাইলট! যার ফলে বিমানবন্দরেই আটকে রইলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রায় এক ঘণ্টা বসে থাকতে হল তাঁকে। যা নিয়ে একেবারে হুলুস্থূল বেঁধে যায়। পাইলটকে বোঝাতে ময়দানে নামতে হয় অন্যান্য মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের। আর এর ফলে আটকে পড়েন শিবসেনা প্রধান। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে জলগাঁও বিমানবন্দরে।
জানা যায়, শুক্রবার মুক্তাইনগরে একটি ধর্মীয় সভায় যোগ দিতে জলগাঁও গিয়েছিলেন একনাথ শিন্ডে। দুপুর তিনটে বেজে ৪৫ মিনিটে সেখানে পৌঁছনোর কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছন উপমুখ্যমন্ত্রী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা দেরিতে জলগাঁও বিমানবন্দরে নামে তাঁর বিশেষ বিমান।
এরপর সড়কপথে দুই মন্ত্রীকে সঙ্গে মুক্তাইনগরে পৌঁছন শিন্ডে। যোগ দেন ধর্মীয় এক যাত্রায়। যান স্থানীয় সন্ত মুক্তাই মন্দিরেও। আর তা করতে অনেক রাত হয়ে যায়। উপমুখ্যমন্ত্রী যখন বিমানবন্দরে পৌঁছন তখন রাত ৯ টা ১৫ বেজে যায়। কিন্তু বিমানবন্দরে যে এমন বিপাকে পড়তে হবে, তা কল্পনাতেও ভাবতে পারেননি। জানা যায়, উপমুখ্যমন্ত্রী বিমানবন্দরে পৌঁছনোর পরই বেঁকে বসেন তাঁর ব্যক্তিগত বিমানের পাইলট। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ার কারণ দেখান তিনি। আর সেই কারণে মুম্বই যাবেন না বলেও ওই পাইলট স্পষ্ট করেন বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের। এর ফলে বিমানবন্দরেই আটকে পড়েন শিন্ডে।
প্রাইভেট বিমানের এহেন কর্মকাণ্ডে হকচকিয়ে যান অন্যান্য মন্ত্রীরাও। শুরু হয় পাইলটের মানভঞ্জনের পালা। আর যা ৪৫ মিনিট ধরে চলে বলে দাবি। শেষমেশ বিমান ওড়াতে রাজি হন পাইলট। জানা যায়, হঠাৎ করে পাইলটের শরীর খারাপ হয়ে যাওয়ার কারণেই এহেন বিপত্তি। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই প্রসঙ্গে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, পাইলটের শারীরিক একটা সমস্যা ছিল। যান্ত্রিক ত্রুটিও ধরা পড়ে বিমানে। পুরো ঘটনা নিয়ে বিমান সংস্থার সঙ্গে কথা বলা হয়। মন্ত্রীর কথায় বিষয়টি খুবই ছোট ঘটনা। তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
