গত কয়েকদিন আগেই আলিপুরদুয়ার থেকে ২০২৬ বঙ্গ বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা-মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এমনকী কলকাতায় এসেও বঙ্গ জয়ের বার্তা শোনা যায় অমিত শাহের বক্তব্যে। এবার দক্ষিণের রাজ্য থেকে বাংলা দখলের হুঙ্কার। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই এদিন মাদুরাই থেকে মোদীর ডেপুটির বার্তা, আগামী ২০২৬ বাংলায় সরকার গঠন করবে বিজেপি। একই সঙ্গে তামিলনাড়ুতে বিজেপি সরকার গড়বে বলে বার্তা দেন শাহ।
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা ভোট রয়েছে। দুই রাজ্যের নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। আর তা এখন থেকেই বাংলার পাশাপাশি দক্ষিণের এই রাজ্যেও নিজেদের জমি শক্ত করতে ময়দানে বিজেপি। আজ রবিবার মাদুরাই’য়ে এক সাংগঠনিক সভায় যোগ দেন অমিত শাহ। আর সেখান থেকেই তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।
অমিত শাহ বলেন, গত চার বছরে তামিলনাড়ুর ডিএমকে সরকার দুর্নীতির সব সীমা পেরিয়ে গিয়েছে। কেন্দ্রের পাঠানো বিপুল টাকা নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সরকারের পাঠানো ৪৫০ কোটি টাকার নিউট্রিশন কিট বেসরকারি সংস্থার হাতে তুলে বড়সড় কেলেঙ্কারি করেছে শাসকদল। দরিদ্র মানুষদের খাবার এবং অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ বর্ষীয়ান বিজেপি নেতার।
অমিত শাহের আরও দাবি, শুধু নিউট্রিশন কিটই নয়, ডিএমকে সরকার বালি দুর্নীতিতেও যুক্ত। চার হাজার ৬০০ কোটি টাকার বালি দুর্নীতির অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, শাসকদল লাভবান হওয়ার জন্যে গরীর মানুষকে বেশি দাম দিয়ে বালি কিনতে বাধ্য করেছে। এছাড়াও শাহের বক্তব্যে উঠে এসেছে আরও এক দুর্নীতির কথা। ৩৯ হাজার কোটির ট্যাসমেক স্ক্যামের প্রসঙ্গ তুলে অমিত শাহ উল্লেখ করেছেন, তামিলনাড়ুর স্টেট মার্কেটিং কর্পোরেশনের ওই দুর্নীতি না হলে প্রতিটি স্কুলে দুটি করে অতিরিক্ত ঘর তৈরি করা সম্ভব হতো।
বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি কতটা আত্মবিশ্বাসী তাও এদিন ধরা পড়েছে শাহের বক্তব্যে। সম্প্রতি ওডিশা, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপির যে ভালো ফল হয়েছে, সেই ধারা পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে অব্যাহত থাকবে বলে মনে করছেন শাহ। তাঁর কথায়, এই দুই রাজ্যে আগামী ২০২৬ এ পদ্মফুল ফুটবে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে কলকাতায় এসে শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনার সময় শেষ। ২৬ এ বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে বাংলায়’। এবার সেই আত্মবিশ্বাস শোনা গেল দেশের অন্য প্রান্ত থেকেও।
