‘পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন’ নিয়ে বড় আপডেট দিলেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং তাঁর বাবা। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বাবা প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোন। তাঁর এবং দীপিকার নতুন উদ্যোগ ‘পাডুকোন স্কুল অফ ব্যাডমিন্টন’। এই ব্যাডমিন্টন প্রশিক্ষণ স্কুলটি ২০২৩ সালে চালু হয় এবং মাত্র এক বছরের মধ্যেই এটি ভারতের ১৮টি শহরে ৭৫টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে।
ইনস্টাগ্রামে একটি পোস্টে দীপিকা লিখলেন, “আমি ছোটবেলায় ব্যাডমিন্টন খেলেই বড় হয়েছি। আমি জানি এই খেলাটি একজন মানুষের শারীরিক, মানসিক ও আবেগগত বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই পিএসবি-এর মাধ্যমে আমরা চাই যে সবাই ব্যাডমিন্টনের আনন্দ ও শৃঙ্খলার স্বাদ পাক, এবং খেলাধুলা থেকে অনুপ্রাণিত হয়ে একটি স্বাস্থ্যবান ও লক্ষ্যভিত্তিক প্রজন্ম তৈরি হোক।”
বর্তমানে বেঙ্গালুরু, এনসিআর, মুম্বই, চেন্নাই, জয়পুর, পুনে, নাসিক, মাইসুরু, পানিপত, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটুর, সাঙ্গলি ও সুরত সহ বিভিন্ন শহরে পিএসবি-এর শাখা রয়েছে। চলতি বছরের শেষের মধ্যে ১০০টি কেন্দ্র এবং আগামী তিন বছরের মধ্যে ২৫০টি কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁরা।
পিএসবি-এর পরামর্শদাতা হিসেবে প্রকাশ পাড়ুকোন জানিয়েছেন, “খেলাধুলা মানেই শুধু ক্রীড়া নয়, এটি জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ পাঠ। খেলাধুলা থেকে আমরা শৃঙ্খলা, ধৈর্য এবং জেতার মানসিকতা শিখি, যা কোর্টের বাইরেও কাজে লাগে। পিএসবি-এর লক্ষ্য হল সুলভ ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়া এবং গ্রামীণ স্তর থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা।”
পিএসবি মূলত স্কুল, প্রতিষ্ঠান এবং স্থানীয় খেলাধুলার ভেন্যুগুলির সঙ্গে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র খুলছে। পাশাপাশি বেঙ্গালুরুতে তিনটি হাই-পারফরম্যান্স সেন্টার চালু করা হয়েছে। সেখানে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। এখন পর্যন্ত ১০০-র বেশি কোচ একটি নির্ধারিত সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছেন। প্রতিটি কেন্দ্রে কোচিংয়ের মান বজায় রাখা এবং প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে।
অনেকে জানেন না যে, দীপিকা পাড়ুকোন একসময় জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। তিনি কর্নাটকের প্রতিনিধি হিসেবে বিভিন্ন রাজ্য ও জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। পরে অবশ্য মডেলিং ও অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি ভারতের অন্যতম সেরা অভিনেত্রী হয়ে ওঠেন।
