আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর। তেন্ডুলকর-অ্যান্ডারসন সিরিজে পর পর ৫টি টেস্ট খেলবে ভারত এবং ইংল্যান্ড। তার আগে চলছে ইংল্যান্ড লায়নসের সঙ্গে ইন্ডিয়া এ দলের প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচেই হইচই ফেলে দিয়েছেন এক বাঁ হাতি পেস বোলার। তিনি, খলিল আহমেদ। দ্বিতীয় বেসরকারি টেস্টে খলিল ৪ উইকেট দখল করেছেন। খলিলের সুইংয়ের সামনে অসহায় দেখিয়েছে ইংল্যান্ড লায়নসের ব্যাটারদের। যা প্রশ্ন তুলে দিয়েছে, টেস্টের দলে খলিলকে না রেখে কি ভুল করলেন শুবমান গিল, গৌতম গম্ভীররা?
এই প্রতিবেদন লেখার সময় খলিল ১৯ ওভার বল করে দিয়েছেন ৭০ রান আর দখল করেছেন ৪টি উইকেট। খলিলের দুরন্ত স্পেলের সামনে দুমড়ে যায় ইংল্যান্ড লায়নসের ব্যাটিং লাইনআপ। ইদানীং দুর্দান্ত ফর্মে আছেন খলিল। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে ভালো বোলিং করেছেন। একাধিক গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন মাত্র ক’দিন আগেই। কিন্তু ইংল্যান্ড সিরিজের জন্য বিবেচিত হয়নি তাঁর নাম। ইন্ডিয়া এ দলের হয়েই আপাতত প্রস্তুতি ম্যাচ খেলছেন তিনি। টেস্ট সিরিজ শুরু হলে তিনি ফিরে আসবেন দেশে। কিন্তু ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে খলিলের পারফরমেন্স নতুন করে প্রশ্ন তুলে দিল তাঁর অন্তর্ভুক্তি নিয়ে। এই বাঁ হাতি জোরে বোলারের সুইং সামলাতে যেমন সমস্যায় পড়ছেন ইংলিশ ব্যাটাররা, তাঁকে দেশে ফিরিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ডের আবহাওয়ায় খলিল সফল হতে পারেন। তাহলে বাদ কেন?
আগামী ২০ জুন লিডসে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। ১০ জুলাই থেকে লর্ডসে তৃতীয় টেস্ট খেলা হবে। ২৩ জুলাই থেকে ম্যানচেষ্টারে চতুর্থ টেস্ট এবং শেষ টেস্ট ৩১ জুলাই থেকে খেলা হবে লন্ডনের দ্য ওভালে।
