সুদীপ্ত চট্টোপাধ্যায়
দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। তাই কেন্দ্রীয় নির্দেশ মেনে রাজ্যেও করোনা সতর্কতা সংক্রান্ত বিষয় প্রস্তুতি বৈঠক হল নবান্নে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এ নিয়ে এখনই আতঙ্কের কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী জানান ” আমরা কোভিড শুনলে ভয় পাই। তবে সরকারিভাবে আমাদের কাছে যে তথ্য আছে তাতে এখনই আতঙ্কিত হবার কোন প্রয়োজন নেই। আমরা আশা করছি প্যান্ডেমিক আর হবে না। তবে আমরা সমস্ত দফতরকে নিয়ে আজ বৈঠক করেছি প্রস্তুতির বিষয়টা মাথায় রেখে। প্যানিক করার জন্য নয়, যদি তেমন কিছু হয় তাহলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই কারণেই এই বৈঠক।”
কো-মরবিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে করোনা যে একটা ফ্যাক্টর তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরামর্শ, যাদের কো-মরবিডিটি আছে তারা ডাক্তার দেখান, চিকিৎসা করান। তবে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, “আপনাদের অযথা বেশি টাকা খরচা হবে না। এক্ষেত্রে যা যা প্রয়োজন তা সব সরকারি হাসপাতালে আছে। এখন তো সকলেই প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে।”
প্রসঙ্গত, প্রায় ১৪০ কোটির দেশে মাত্র ছয় থেকে সাড়ে ছয় হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই ভয় না পেয়ে সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন “সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটাও একটা ইনফেকশন। তাই সতর্ক থাকলে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।”
